লখনউ: পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহেই গোপন তথ্য পাচারের অভিযোগে ধৃত যুবক। বুধবার ২৪ বছরের ওই যুবককে হরিয়ানার পানিপথ থেকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম নৌমান ইলাহি। তিনি উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার বাসিন্দা। ওই যুবক স্থানীয় একটি কারখানায় নিরাপত্তা কর্মীর চাকরি করতেন। কার্নালের পুলিস সুপার গঙ্গারাম পুনিয়া জানান, বিশ্বস্ত সূত্র থেকে ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন তথ্য মিলেছে। তার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। জেরায় ধৃত যুবক জানিয়েছে, তাঁর সঙ্গে পাকিস্তানের একাধিক ব্যক্তির যোগাযোগ রয়েছে। তাদের কাছে ভারতের বিভিন্ন গোপন তথ্য নিয়মিতভাবে পাঠিয়েছে নৌমান। তাঁর বিরুদ্ধে পানিপথের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিস আরও জানিয়েছে, নৌমানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।



