নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সকাল থেকে প্রথমে উত্তরবঙ্গে ও পরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়। দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় আজ সোমবারের পর, আগামীকাল মঙ্গলবারও জোরালো মাত্রার ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির মধ্যে নদীয়া, পূর্ব বর্ধমান এবং দুই ২৪ পরগনার মতো জেলা আছে, যেখানে পরদিন বুধবারই দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। বুধবার ভোট নেওয়া হবে কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। বজ্রপাতসহ বৃষ্টি এবং ওইসঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা থাকলে ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবং বুধবার ভোটের দিন দক্ষিণবঙ্গের সব জেলার জন্য আপাতত ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকলে ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়। আপাতত ২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ওইসময় পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে আপাতত জানানো হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত ‘কমলা’ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে পাহাড় ও লাগোয়া এলাকায়।
উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। জোরালো পশ্চিমি হাওয়া প্রবাহিত হচ্ছে। এসব কারণে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি রবিবার থেকে রাজ্যজুড়েই তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হওয়ায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। মালদহ এবং দুই দিনাজপুর জেলার কয়েকটি জায়গায় ‘লাল’ সতর্কতা পর্যন্ত জারি করা হয়। দক্ষিণবঙ্গে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কিছু অংশে ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেয় আবহাওয়া দপ্তর। কলকাতা ও লাগোয়া এলাকায় আজ সোমবার হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে রবিবার ৩৩.৬ ডিগ্রি হয়। এটা এইসময়ের স্বাভাবিক তাপমাত্রার সঙ্গে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা (২৭.৪ ডিগ্রি) অবশ্য স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা অস্বস্তিকর গরম ছিল। আজ সোমবার ঝড়বৃষ্টির ‘কমলা’ সর্তকতা দেওয়া হয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার জন্য। সোমবারের পর রাজ্যে সার্বিকভাবে তাপমাত্রা চারদিন ধরে পর্যায়ক্রমে ৩-৪ ডিগ্রি কমবে। যেখানে ঝড়বৃষ্টি হবে সেখানে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। পশ্চিমাঞ্চলসহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এদিনও অস্বস্তিকর গরম ছিল। পশ্চিমাঞ্চলের কোনো কোনো স্থানে এখনো সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশাপাশে কিংবা বেশি আছে।-নিজস্ব চিত্র