মত বদলে মুম্বইয়ের হয়ে খেলতে চাইছেন যশস্বী
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে দল বদল করতে চেয়েছিলেন যশস্বী জয়সওয়াল। মুম্বই ছেড়ে তাঁর গন্তব্য ছিল গোয়া। সেই মতো মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ‘নো অবজেকশন সার্টিফিকেট’-এর আবেদনও করেছিলেন মাস খানেক আগে। বাঁ হাতি ব্যাটারের আবেদন মঞ্জুরও হয়। কিন্তু এখন ফের সিদ্ধান্ত বদল করে মুম্বইয়ে ফিরতে চান যশস্বী। তাই ‘এনওসি’ প্রত্যাহারের আবেদনও করেছেন তিনি। তবে সেটা সহজে যে গৃহীত হবে না তা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা স্পষ্ট করে দিয়েছেন। তাঁদের যুক্তি, বিসিসিআই এবং গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে, যা সময়সাপেক্ষ। যশস্বী জানিয়েছেন, ‘মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে এনওসি প্রত্যাহারের আবেদন করেছি। কারণ, যে কারণে গোয়া যাওয়া দরকার ছিল, সেটা এখন হচ্ছে না। তাই মুম্বইয়ের হয়েই ঘরোয়া ক্রিকেটে খেলতে চাই। আমি বিসিসিআই কিংবা গোয়ায় এনওসি জমা দিইনি। তাই এই মরশুমে মুম্বইয়ের হয়ে খেলার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়।’

Advertisement