নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ায় বিউটি পার্লারের মালকিন খুন কাণ্ডে নয়া তথ্য উঠে এল। মৃত ‘প্রেমিক’ পঙ্কজ নাথের বুকেও একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে, গৃহবধূ রূপবাণী দাসকে ক্ষুর দিয়ে আক্রমণ করার সময় প্রেমিকের সঙ্গে তাঁর হাতাহাতি হয়ে থাকতে পারে। তাতেই ক্ষুরের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, পার্লারের ভিতর একটি ঘরে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। কিন্তু দরজা বন্ধ থাকায় তখন সেখানে কেউ যেতে পারেননি। তাই প্রকৃত তথ্য এখনও সামনে আসেনি। ময়নাতদন্তের পুরো রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে কীভাবে মৃত্যু এবং পঙ্কজের ক্ষত কতটা গভীর। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এক যুবক বিউটি পার্লারে ঢুকে ক্ষুর দিয়ে কুপিয়ে খুন করেন রূপবাণী দাসকে। গলা কেটে আত্মহত্যা করেন যুবকও। অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা।



