Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগদ্দলে পুরনো বাড়ি ভেঙে মহিলার মৃত্যু

মঙ্গলবার ভোরে জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার।

জগদ্দলে পুরনো বাড়ি ভেঙে মহিলার মৃত্যু
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার ভোরে জগদ্দলের রুস্তম গুমটি এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম খুশবু খাতুন (২৬)। তিনি সেই সময় ঘরেই ঘুমোচ্ছিলেন। এদিন ভোরে বিকট শব্দ করে বাড়িটি আচমকা ভেঙে পড়ে। আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই খুশবুকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। এদিন ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, রুস্তম গুমটি, আটচালা বাগান, গুপ্তার বাগান প্রভৃতি এলাকা খুবই স্পর্শকাতর। মাঝেমধ্যেই এইসব এলাকায় গণ্ডগোল, বোমাবাজি বা শ্যুটআউটের মতো ঘটনা ঘটে। এদিন বাড়ি ভেঙে পড়ার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন, হয়তো বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কাউন্সিলার মনোজ পান্ডে সাংবাদিকদের বলেন, বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল। মহিলার মৃত্যু দুঃখজনক। ওই মহিলা ও তাঁর ভাই বাড়িতে ছিলেন। ভাই আহত হয়েছেন। এই ধরনের পুরনো বাড়ির মালিকদের নোটিস পাঠাবে পুরসভা। মালিককে প্রথমে বাড়ি মেরামত করার জন্য বলা হবে। না হলে পুরসভা তা ভেঙে দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ