নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৪ মে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রের ডাকা বৈঠক নিয়ে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী কৃষক নেতারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, যদি ওই বৈঠকে পাঞ্জাব সরকারের প্রতিনিধিরা থাকেন তাহলে চাষিরা তাতে অংশ নেবেন না। এই ব্যাপারে আন্দোলনকারী কৃষক নেতৃত্বের অন্যতম জগজিৎসিং দাল্লেওয়াল বলেছেন, ‘যারা বৈঠক শেষ হওয়ার অব্যবহিত পরেই আন্দোলনকারীদের গ্রেপ্তার করায়, তারা মিটিংয়ে অংশ নিক আমরা চাই না। শুধু তো গ্রেপ্তার নয়। পাঞ্জাবের পুলিস প্রশাসন আন্দোলনকারীদের অস্থায়ী ছাউনি, তাঁবু, সমাবেশ মঞ্চ সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পুরোটাই করা হয়েছে রাতের অন্ধকারে।’ তবে বৈঠক হলেও কৃষকদের অস্বস্তির জন্যও কারণ অপেক্ষা করে আছে। ইতিমধ্যেই ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) অন্যতম শীর্ষ নেতা রাকেশ টিকায়েতের দাদা নরেশ টিকায়েত মন্তব্য করেছিলেন, ‘সিন্ধু জলবন্টন চুক্তি রদ করা মোটেও উতৎ কাজ হয়নি। কৃষিকার্যের জন্য সব দেশের চাষিরই জলের প্রয়োজন।’ যদিও পরে তিনি সাফাই দিয়েছেন, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’ তবে বিতর্ক থামেনি।



