ভুবনেশ্বর, ১৪ এপ্রিল: ওড়িশার জাজপুর হত্যাকাণ্ডে নয়া মোড়। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী-সহ গ্রেপ্তার করা হল অভিযুক্ত মোট ৫ জনকে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও। বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাওয়াকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত বলে জানা গিয়েছে। বিষয়টি জানতে পেরে স্ত্রী শুভশ্রী ওরফে সীমাকে বাধা দেন স্বামী সৌম্যসাগর। কিন্তু কিছুতেই লাভ হয়নি। এরপর গত ৬ এপ্রিল রাতে জাজপুরের গড়িয়াপুর চকে দোকান বন্ধ করে কালিমেঘা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন সৌম্য। সেই সময় আচমকাই দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম হন সৌম্য। তড়িঘড়ি তাঁকে প্রথমে জাজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে স্থানান্তরিত করা হয় কটকের মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



