Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে জল সংক্রান্ত ‘অনলাইন পরিষেবা’ চালু

পানীয় জলের ট্যাঙ্কারের আবেদন, ফেরুল সংস্কার বা স্থানান্তর। এতদিন এই ধরনের জল সংক্রান্ত পরিষেবার জন্য পুরসভায় গিয়ে আবেদন করতে হত নাগরিকদের।

বিধাননগরে জল সংক্রান্ত ‘অনলাইন পরিষেবা’ চালু
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পানীয় জলের ট্যাঙ্কারের আবেদন, ফেরুল সংস্কার বা স্থানান্তর। এতদিন এই ধরনের জল সংক্রান্ত পরিষেবার জন্য পুরসভায় গিয়ে আবেদন করতে হত নাগরিকদের। এবার সেই হয়রানির অবসান। নাগরিকদের সুবিধার জন্য সোমবার থেকে বিধাননগর পুরসভায় চালু হল জল সংক্রান্ত অনলাইন পরিষেবা। বাড়িতে বসেই এই ধরনের কাজের আবেদন করতে পারবেন তাঁরা। অনলাইনে পেমেন্টও করা যাবে বাড়িতে বসে। এদিকে মেয়াদ বৃদ্ধির জন্য সল্টলেকের ১৫টি পানীয় জলের ট্যাঙ্কের সংস্কার শুরু হয়েছে। তার মধ্যে ৩টি ট্যাঙ্কের কাজ শেষ হয়ে গিয়েছে। এদিন এই ৩টি ট্যাঙ্কের সূচনা হয় নবরূপে।

Advertisement

পানীয় জল সরবরাহের জন্য সল্টলেকে ১৫টি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে। যেগুলি ওভারহেড রিজার্ভার। এগুলির অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছিল। পুরসভার উদ্যোগে পূর্ণ সংস্কার শুরু হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ২৩ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। ১৫টি ট্যাঙ্কের মধ্যে ৩, ৫ এবং ১০ নম্বর ট্যাঙ্কের পূর্ণ সংস্কার হয়েছে। এদিন ই ই ব্লকে ১০ নম্বর ট্যাঙ্কের সামনে একটি অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে বিধাননর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায়, স্থানীয় কাউন্সিলার কাকলি সাহা সহ অনেকে উপস্থিত ছিলেন। সেখান থেকে ৩টি ট্যাঙ্কের নবরূপে সূচনা হয়। ওই মঞ্চ থেকে অনলাইন পরিষেবা ও উদ্বোধন হয়। মেয়র পারিষদ (জল) তুলসী সিনহা রায় বলেন, কোনও অনুষ্ঠানের জন্য অনেকে পানীয় জলের ট্যাঙ্কারের আবেদন করেন। তার জন্য পুরসভায় আসতে হত। তাছাড়া ফেরুল ক্লিনিং করার জন্য, ফেরুল স্থানান্তরের জন্য পুরসভায় এসে আবেদন করতে হত। এবার বাড়িতে বসেই নাগরিকরা এই পরিষেরার জন্য আবেদন করতে পারবেন। পুরসভার ওয়েবসাইটে তার লিংক যুক্ত করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। এই পরিষেবা আর কোনো পুরসভা বা কর্পোরেশনে হয়নি। রাজ্যের মধ্যে এখানেই প্রথমবার চালু হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ