নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ডিউটি বাবদ প্রাপ্য টাকা চেয়ে যোগীরাজ্যের পুলিসের চিঠি এল বাংলার কাছে। তাতে উল্লেখ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে তাদের পাওনা রয়েছে ২১ কোটি টাকা। এই টাকা চেয়ে আগেও চিঠি দেয় তারা। কিন্তু সদুত্তর মেলেনি। তাই ফের চিঠি পাঠাল উত্তরপ্রদেশ পুলিস। জানা গিয়েছে, ২০২১-এ ভিন রাজ্য থেকে ফোর্স আনা হয়। তার মধ্যে ছিল ইউপি পুলিসের ৩০ কোম্পানি। ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যোগীরাজ্যের পুলিস এখানে ছিল। তারপর পুলিস কর্মীরা নিজের রাজ্যে ফিরে যান। নিয়ম অনুযায়ী, অন্য রাজ্যে ডিউটি করতে গেলে পুলিসকে টাকা দিতে হয়। ফোর্স যে-রাজ্যে যায়, টাকা মেটায় তারাই। এই ব্যাপারে কনস্টেবল থেকে ডিএসপি পদমর্যাদা অনুসারে আলাদা আলাদা তালিকা রয়েছে। বিধানসভা নির্বাচন মেটার পরই উত্তরপ্রদেশ সরকার হিসেব করে দেখে, দু’মাসে তাদের বিল হয়েছে প্রায় ২১ কোটি ২৭ লক্ষ টাকা। এই টাকা চেয়ে ইউপি পুলিসের তরফে চিঠি পাঠানো হয় পশ্চিমবঙ্গ পুলিস ডিরেক্টরেটে। যোগীরাজ্যের পুলিসের দাবি, কিন্তু তাদের কোনও টাকাই মেটানো হয়নি! তাই তাদের তরফে কয়েকদিন আগে ফের চিঠি পাঠানো হয়েছে। তারপরই এই টাকা মেটানোর জন্য তৎপরতা শুরু করেছেন এরাজ্যের কর্তারা। বিষয়টি নিয়ে অর্থদপ্তরের সঙ্গে কথা বলেছেন তাঁরা।



