Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইয়েমেনে হামলার ছক আমেরিকার, গোপন চ্যাটে হঠাৎই যুক্ত সাংবাদিক

সমাজমাধ্যমের গোপন চ্যাটে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত হোয়াইট হাউসের কর্মকর্তারা।

ইয়েমেনে হামলার ছক আমেরিকার, গোপন চ্যাটে হঠাৎই যুক্ত সাংবাদিক
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: সমাজমাধ্যমের গোপন চ্যাটে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত হোয়াইট হাউসের কর্মকর্তারা। এমন সময়ে আচমকা সেই গ্রুপে যোগ করা হয় সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গকে। তাতেই ফাঁস হয়ে গিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের উপর মার্কিন হামলার যাবতীয় তথ্য। সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন ওই সাংবাদিক। সোমবার এই দাবির সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এই অভিযোগ স্বীকার করেছেন মার্ক্নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎাকারে তিনি বলেন, ‘গত দু’মাসে একটাই ভুল হয়েছে। সেটাই সবথেকে মারাত্মক।’ গাফিলতির বিষয়টি প্রকাশ্যে আসতেই ওয়াশিংটনকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি নেটিজেনরা। 

Advertisement

‘দ্য আটলান্টিক’ সংবাদপত্রের প্রধান সম্পাদক গোল্ডবার্গ। সাংবাদিকের দাবি, ১৩ মার্চ সিগন্যালের চ্যাটে গোপন গ্রুপ বানিয়ে ইয়েমেন হামলার পরিকল্পনা করছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। গ্রুপের নাম ‘হুথি পিসি স্মল গ্রুপ’। চ্যাটে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স, বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ সহ ১৮ জন। আচমকা সেখানে গোল্ডবার্গকে কেউ যোগ করে নেন। সাংবাদিক জানান, সেখানেই হেগসেথের সঙ্গে ‘টাইগার টিম’ গঠনের পরিকল্পনা ভাগ করে নেন ওয়াল্টজ। হুথিদের বিরুদ্ধে হামলায় নেতৃত্বের দায়িত্বে ছিল এই বিশেষ বাহিনী। ১৫ মার্চ ইয়েমেনে হামলার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। গোল্ডবার্গের দাবি, হামলার কয়েক ঘণ্টা আগে যাবতীয় তথ্য ওই গ্রুপে শেয়ার করেন হেগসেথ। ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছেন হেগসেথ। ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের বক্তব্য, ‘ওই গ্রুপে যুদ্ধ পরিকল্পনা নিয়ে কোনও আলোচনা করা হয়নি।’ তবে জাতীয় নিরাপত্তা মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন, যেই চ্যাটের কথা বলা হচ্ছে তা ভুয়ো নয়। তাঁর কথায়, ‘চ্যাটের বিষয়টি সত্য। কীভাবে একটি অজানা নম্বর সেখানে চলে এল তা খতিয়ে দেখা হচ্ছে।’
তথ্য প্রকাশের খবর প্রকশ্যে আসতেই সকলে সমালোচনায় মুখর হন। দ্য ওয়াশিংটন পোস্টের জেফ স্টেইনের কটাক্ষ, ‘জেফ স্টেইনের পরিবর্তে জেফ গোল্ডবার্গকে মেসেজ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত আপত্তিজনক।’ ট্রাম্প প্রশাসনকে কাঠগড়ায় তোলার সুযোগ ছাড়েননি প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনও। তাঁর তোপ, ‘প্রশাসন নিশ্চয়ই মস্করা করছে!।’

সম্পর্কিত সংবাদ