Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজ্ঞানীকে রাষ্ট্রসঙ্ঘের পুরস্কার

প্রাকৃতিক বিপর্যয়ের বিপদ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রসঙ্ঘের সাসাসকাওয়া পুরস্কার পেলেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র।

বিজ্ঞানীকে রাষ্ট্রসঙ্ঘের পুরস্কার
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ের বিপদ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রসঙ্ঘের সাসাসকাওয়া পুরস্কার পেলেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। ১৯৮৬ সাল থেকে প্রতিবছর নিপ্পন ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যক্তি বা সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার বিপর্যয়ের বিপদ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি। ঘূর্ণিঝড় সংক্রান্ত সঠিক পূর্বাভাস দেওয়ার ব্যাপারে সাফল্যের জন্য ডঃ মহাপাত্র ‘সাইক্লোন ম্যান অব ইন্ডিয়া’ হিসেবে দেশ ও বিদেশে খ্যাত। আরব সাগর ও বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলি সৃষ্টি হয় তা কতটা তীব্রতায় কোন জায়গায় আছড়ে পড়তে চলেছে তার আগাম সঠিক পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ সাফল্য দেখিয়েছেন, এটা আগেই সরকারিভাবে স্বীকৃত হয়েছে। এতে শুধু ভারত নয়, উপকৃত হয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগর সংলগ্ন আরও ১২টি দেশ। সঠিক পূর্বাভাসের সুবাদে ঘূর্ণিঝড়ে মৃত্যু অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। ডঃ মহাপাত্র কয়েকমাস আগে কলকাতায় এসে বলেছিলেন, আবহাওয়া দপ্তরের লক্ষ্য ঘূর্ণিঝড়ে মৃত্যু শূন্যে নামিয়ে আনা। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনিভা বিশ্ব আবহাওয়া সংস্থায় আয়োজিত এক অনুষ্ঠানে ডঃ মহাপাত্রকে পুরস্কারটি দেওয়া হয়। ডিরেক্টর জেনারেল বিশ্ব আবহাওয়া সংস্থার তৃতীয় ভাইস প্রেসিডেন্টের পদেও আছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ