নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো ভোটার খোঁজার কাজে জেলায় জেলায় স্ক্রুটিনি জারি রেখেছে তৃণমূল। যেখানেই গরমিল ঠেকছে, সেখানেই বিষয়গুলি স্থানীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নজরে আনছেন দলের নেতারা। এই প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বুথ লেভেল এজেন্ট সংক্রান্ত নামের তালিকা জমা দিল রাজ্যের শাসক দল। পরবর্তী পর্যায়ে তৈরি হবে বুথ লেভেল এজেন্ট ২ নামের তালিকা।
গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক করে বেশ কিছু নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী ধাপে ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নজরদারি সংক্রান্ত বেশ কিছু নির্দেশ ওই বৈঠকে দেন অভিষেক। এবার দেখা গেল, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ ১ সংক্রান্ত নামের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। যেখানে তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলায় বিএলএ ১-এর নামের তালিকা তৈরি করা হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ভোটার তালিকা সংক্রান্ত কাজে যাঁরা পারদর্শী, তাঁদের নাম রয়েছে এই ৩৫ জনের তালিকায়। বীরভূমে অনুব্রত মণ্ডল এই তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। এরপর বিএলএ ২ ফর্মের মাধ্যমে রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে এজেন্ট নিয়োগ করা হবে।
বুথ লেভেল এজেন্ট নিয়োগের ক্ষেত্রে প্রথম দফায় এগিয়ে রয়েছে জোড়াফুল শিবির। এদিকে ভুয়ো ভোটার নিয়ে বিজেপি প্রায়ই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তাই নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ভুয়ো ভোটারের বিষয়টি সামনে আসতেই ছন্নছাড়া হয়ে গিয়েছে বিজেপি। তাদের তরফে এলোমেলো তথ্য দেওয়া হচ্ছে। আর স্থানীয় প্রশাসনিক কর্তাদের উপর দোষ চাপানো হচ্ছে। সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।