মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানকে পিষে দিল ট্রাক। আজ, মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লুৎফরের। গুরুতর জখম হয় তাঁর মেয়ে। পরিজনেরা জানিয়েছেন, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সে। বর্তমানে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। স্থানীয়দের দাবি, গোশালা মোড়ে বাইকে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লুৎফর। আচমকাই প্রচণ্ড গতিতে একটি ট্রাক এসে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নীচে পিষে যান লুৎফর। বাইকটি ট্রাকের নীচে আটকে যায়। ওই অবস্থাতেই কয়েক কিমি চলে যায় ট্রাকটি। পরে ট্রাকটি পুলিশ আটক করলেও পালিয়ে যায় চালক। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। দুর্ঘটনার জেরে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা লাঠি নিয়ে এসে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ। এই ঘটনায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।



