Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, জখম ৭

ভোটের আবহে উত্তপ্ত হল দেগঙ্গা। নুরনগর গ্রাম পঞ্চায়েতের গাম্ভীরগাছি গ্রামের দক্ষিণপাড়ায় রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ ঘিরে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, জখম ৭
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের আবহে উত্তপ্ত হল দেগঙ্গা। নুরনগর গ্রাম পঞ্চায়েতের গাম্ভীরগাছি গ্রামের দক্ষিণপাড়ায় রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ ঘিরে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে গুরুতর জখম অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাম্ভীরগাছি এলাকায় একটি রাস্তা নিয়ে কয়েকবছর ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মূলত রাস্তার জমি ছাড়া নিয়ে বিবাদের সূত্রপাত। সম্প্রতি রাস্তার কাজ শেষ হলেও উত্তেজনা প্রশমিত হয়নি। 

Advertisement

অভিযোগ, মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী বাকিবুল্লা মণ্ডল রাস্তায় গাড়ি রাখলে আপত্তি জানান আইএসএফের কয়েকজন কর্মী। তা নিয়ে বচসা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। তৃণমূলের অভিযোগ, আইএসএফ সমর্থকরা বাঁশ, লাঠি, দা ও কুড়ুল নিয়ে চড়াও হয়। পালটা হামলায় জখম হন উভয়পক্ষের একাধিক কর্মী। আহতদের প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী সিরাজুল মণ্ডলের অভিযোগ, রাস্তা নিয়ে বিবাদের জেরে আইএসএফের কর্মীরা দা, কুড়ুল ও লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলের দেগঙ্গার প্রার্থী তথা আইএসএফ নেতা মফিদুল হক সাহাজি বলেন, তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে। আইএসএফ সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করে না। আসলে সব কিছুতে আমাদের দোষ দেখছে তৃণমূল। ভোটের আগে এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ