Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুসলিম ভোট ভাঙাতে হুমায়ুন-বিজেপির গোপন রফার অভিযোগ, ভিডিয়ো ফাঁস তৃণমূল কংগ্রেসের

টার্গেট সংখ্যালঘু ভোট ভাঙানো। তার জন্য বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

মুসলিম ভোট ভাঙাতে হুমায়ুন-বিজেপির গোপন রফার অভিযোগ, ভিডিয়ো ফাঁস তৃণমূল কংগ্রেসের
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বহরমপুর: টার্গেট সংখ্যালঘু ভোট ভাঙানো। তার জন্য বিজেপির সঙ্গে গোপন সমঝোতা করছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। লেনদেনের অঙ্ক ১০০০ কোটি! এই সংক্রান্ত কথোপকথনের এমন একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) বৃহস্পতিবার তৃণমূলের তরফে ফাঁস করা হয়েছে। যা তোলপাড় ফেলে দিয়েছে বাংলার রাজনীতিতে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পাবে না বিজেপি, এটা স্বীকার করে নেওয়া হয়েছে ওই ভিডিওতে। সেই কারণে টাকা ছড়িয়ে কীভাবে মুসলিম সমাজের ভোট কেনা যায়, তার গোপন রফা হুমায়ুন-বিজেপির মধ্যে হয়েছে বলে অভিযোগ। ভিডিওতেই দেখা যাচ্ছে, গত বছরের ১৯ ডিসেম্বর ধারণকৃত এটি। 

Advertisement

এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই সংখ্যালঘু ভোটারদের নাম কাটার কৌশল বিজেপি করছে, এমন অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর জেলাগুলিতে ভোটারদের বাদ দেওয়ার দিকে বিজেপি সর্বাধিক ঝুঁকেছে বলে অভিযোগ। সেই সঙ্গে মুসলিম সমাজের ভোট তৃণমূলের দিকে যাওয়া আটকাতে বিজেপি আরও একটি গোপন কৌশল নিয়েছে, তা বৃহস্পতিবার ফাঁস হয়ে গেল বলে তৃণমূল দাবি করেছে।  এদিন তৃণমূলের পক্ষ থেকে যে ভিডিও সামনে আনা হয়েছে, তাতে সরাসরি দেখা গিয়েছে, কোন ছকে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির। ১৯ মিনিটের ওই ভিডিওতে হুমায়ুনের সঙ্গে এক হিন্দিভাষী ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে, মুসলিম সমাজের মানুষদের ধর্মীয় সুড়সুড়ি দিয়ে বোকা বানানোর জন্য যাবতীয় কৌশল নেওয়া হয়েছে। ওই ভিডিওর একটি অংশে হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, বাবরি মসজিদ হবে কি হবে না, সেটা পরের বিষয়। মুসলিম সমাজের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তৃণমূলের থেকে মুসলিম সমাজের ভোট সরাতে পারলে বিজেপি জিততে পারবে। পাশাপশি হুমায়ুন এটাও বলেছেন, বিজেপি ১০০-১২০ আসন পর্যন্ত জয়ী হতে পারে। কিন্তু১৪৮ আসন পাবে না। তাই ২৯৪টি আসনের মধ্যে ৮০-৯০টি আসন জিতে নির্ণায়ক হব। সরকার গঠনের জন্য বিজেপিকে সাপোর্ট করব। 
‘লক্ষ্যপূরণ’-এর জন্য ১০০০ কোটি টাকা প্রয়োজন বলে হিন্দিভাষী ওই ব্যক্তির কাছে দাবি করেছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তার জন্য এখনই ৩০০ কোটি টাকা চেয়েছেন। ফর্মুলা হচ্ছে, বিহারে নীতীশ কুমারের কায়দায় পরিবার পিছু টাকা ছড়িয়ে দেওয়া। মুসলিম ভোট ভাঙাতে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে হুমায়ুনের কথা হয়েছে, তা ওই ভিডিওর কথোকথনেই স্পষ্ট। এমনকী হুমায়ুন দাবি করেছেন, রাজ্য বিজেপির নেতা ছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী এবং পিএমও’র আধিকারিকের সঙ্গে কথাবার্তা হয়েছে। 
চাঞ্চল্যকর এই ভিডিও তুলে ধরে এদিন কলকাতার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওই ভিডিও দেখা যাচ্ছে ভোট কেনার জন্য ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। বিজেপির হাতে মুসলিমদের সম্মান বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের কথায়, টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। হুমায়ুন কবিরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। যেহেতু আর্থিক বিষয় জড়িয়ে রয়েছে, তাই নির্বাচন কমিশন এবং ইডি’র পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। তবে ওই ভিডিও প্রসঙ্গে হুমায়ুনের সাফাই, এআই প্রযুক্তিকে ব্যবহার করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ