Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রামীণ হাওড়ার সব আসনে জয় নিয়ে নিশ্চিত তৃণমূল শিবির, হাল ছাড়তে নারাজ বিরোধীরা

বিধানসভা ভোটে শেষ লগ্নের, শেষ রবিবারের প্রচার। সকাল থেকেই রোড শো থেকে মহামিছিল, বাইক র‍্যালি থেকে সভা, সেলিব্রিটি থেকে হেভিওয়েট নেতাদের আনাগোনা– এসব নিয়ে রবিবার সরগরম হয়ে ওঠে উলুবেড়িয়া থেকে বাগনান, আমতা থেকে উদয়নারায়ণপুর, শ্যামপুর থেকে পাঁচলা।

গ্রামীণ হাওড়ার সব আসনে জয় নিয়ে নিশ্চিত তৃণমূল শিবির, হাল ছাড়তে নারাজ বিরোধীরা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা ভোটে শেষ লগ্নের, শেষ রবিবারের প্রচার। সকাল থেকেই রোড শো থেকে মহামিছিল, বাইক র‍্যালি থেকে সভা, সেলিব্রিটি থেকে হেভিওয়েট নেতাদের আনাগোনা– এসব নিয়ে রবিবার সরগরম হয়ে ওঠে উলুবেড়িয়া থেকে বাগনান, আমতা থেকে উদয়নারায়ণপুর, শ্যামপুর থেকে পাঁচলা। প্রচারের শেষ লগ্নে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, জেলার আটটি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। চার তারিখ উৎসবের অপেক্ষায় দলের সর্বস্তরের কর্মীরা। তবে বিরোধীদের দাবি, এবারে মানুষ পরিবর্তন চাইছে।

Advertisement

রবিবার বিকালে বাগনানের তৃণমূল প্রার্থী অরুণাভ সেনের সমর্থনে সেখানে এক মহামিছিল হয়। তাতে তৃণমূল প্রার্থী ছাড়াও উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ সহ কয়েক হাজার নেতা-কর্মী পা মেলান। মিছিল বাগনান উড়ালপুলের শেষ প্রান্ত থেকে শুরু হয়ে বাগনান বাসস্ট্যান্ড হয়ে মানকুর মোড়ে শেষ হয়।
এদিন আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে রোড শো করেন মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা। কুলিয়াঘাট থেকে রোড শো শুরু হয়ে ভাটোরা বাজার হয়ে গায়েনপাড়া ঘাটে গিয়ে শেষ হয় সেটি। এদিন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলম দেওয়ানের সমর্থনে উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে একটি র‌্যালি উলুবেড়িয়া শহর পরিক্রমা করে। এছাড়া উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে  চককাশি বাবুস কোয়াটার সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভা করেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজার সমর্থনে কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইক র‌্যালি করেন কর্মীরা।
এদিন তৃণমূল প্রার্থী অরুণাভ সেন বলেন, এবারে বিধানসভা নির্বাচনের পর দুটি সরকার তৈরি হবে। একটি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দিল্লিতে মোদী বিরোধী সরকার। সংসদে মহিলা বিল আটকে যাওয়ায় বিজেপি প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে। যত বেশি ভোট পড়বে তত তৃণমূলের জয়ের পথ সুগম হবে। প্রথম দফার নির্বাচনেই ১২৫টা সিট পেয়ে গিয়েছে তৃণমূল। বাকিটা আগামী ২৯ তারিখ হবে। তিনি বলেন, এই নির্বাচন আসলে এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যম। এবারের নির্বাচনে সেই প্রতিবাদের ঢেউ ইভিএম মেশিন আছড়ে পড়বে।
যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত। তাঁর দাবি, এবার মানুষ পরিবর্তন চাইছে। হাওড়া গ্রামীণ জেলার সাতটি আসনের মধ্যে বিজেপি পাঁচটি আসনে জিতবে। এমনকী জেলার সবকটি আসনেই এবার পদ্মফুল ফুটতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ