বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের কনভয় যাচ্ছে। বন্ধ রাস্তা। ট্রাফিকের গেড়োয় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারল না কমপক্ষে ২০ জেইই মেন পরীক্ষার্থী। সোমবারের পেন্ডুরথির এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যে বিশাখাপত্তনম পুলিসকে এবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী। বিবৃতি দিয়ে পবন জানান, ‘প্রশাসনিক সফরের কারণে পড়ুয়াদের সমস্যায় ফেলা উচিত নয়। ওদের ভবিষ্যতের পথে প্রোটোকল যেন বাধা হয়ে না দাঁড়ায়। সেটা নিশ্চিত করা আমাদের কর্তব্য।’
পরীক্ষার্থীদের অভিভাবকদের দাবি, পবনের কনভয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। তার জেরেই সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে বিশেষ পরীক্ষার আর্জি জানিয়েছে পড়ুয়ারা। এক যুবকের কথায়, ‘বারবার পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়ার আর্জি জানিয়েছিলাম। কিন্তু কেউ কর্ণপাত করেনি। গত দু’বছর ধরে এর জন্য অনেক পরিশ্রম করেছি। নিজেদের কোনও দোষ না থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারলাম না।’ আর এক পরীক্ষার্থীর মায়ের কথায়, ‘যানজেটের কারণে আমার মেয়ে সহ ২০ জন পরীক্ষায় বসতেই পারল না। সরকারের কাছে বিশেষ পরীক্ষার আর্জি জানাচ্ছি।’
যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বিশাখাপত্তনম পুলিস। তারা জানিয়েছে, সকাল ৮টা ৪১ নাগাদ উপ মুখ্যমন্ত্রীর কনভয় গিয়েছিল। পড়ুয়াদের সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছিল। বিশাখাপত্তনম পুলিসের কমিশনার শঙ্খব্রত বাগচী জানান, সকাল সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের কাছে কোনও রাস্তা বন্ধ ছিল না।