Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুঁসছে কাঁকড়াঝোর, ডাহুকখোলা হড়পা বানে ডুবল পর্যটকের গাড়ি

বেলপাহাড়ীতে হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেল তিন পর্যটক সহ একটি গাড়ি। তবে গাড়ি সহ পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।

ফুঁসছে কাঁকড়াঝোর, ডাহুকখোলা  হড়পা বানে ডুবল পর্যটকের গাড়ি
  • ৩০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলপাহাড়ীতে হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেল তিন পর্যটক সহ একটি গাড়ি। তবে গাড়ি সহ পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। 

Advertisement

বর্ষায় অপরূপ হয়ে ওঠে বেলপাহাড়ী। সেই রূপ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু সৌন্দর্যের পাশাপাশি আসে বিপদও। বর্ষার জলে ফুলেফেঁপে ওঠে পাহাড়ী নদী ও উপত্যকার বাঁকে অপেক্ষা করে মৃত্যুফাঁদ। হঠাৎ ছুটে আসে হড়পা বান। ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। শনিবার সন্ধ্যাবেলায় শিমুলপাল এলাকার চিরাকুটি গ্ৰামের কাছে ডাহুক খোলা নদীর এমনই এক হড়পা বানে ডুবে যায় তিন পর্যটক সহ একটি গাড়ি। স্থানীয় বাসিন্দা ও পুলিসের চেষ্টায় অবশ্য তাঁদের প্রাণ বাঁচে। হড়পা বান সম্পর্কিত পর্যটন দপ্তরের সতর্কবার্তা না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। 
বেলপাহাড়ীর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে সামান্য অসতর্ক হলেই বিপদ। বৃষ্টিতে বেলপাহাড়ীর কুসুমঘাটি, কাঁকড়াঝোর, তারাফেনী, বারেদহ, যাঁতিহারা, ডাহুকখোলা, যমুনা নদীর জল ফুলেফেঁপে ওঠে। নিচু কজওয়ের উপর দিয়ে হড়পা বানের বিপুল জলরাশি তীব্র বেগে বয়ে যায়। গ্ৰামের মানুষ চলাফেরার করা সময় সতর্ক থাকেন। কিন্তু বেড়াতে আসা বেশিরভাগ পর্যটক এই বিপদ সম্পর্কে অবহিত নন। তাঁরা বেলপাহাড়ী, ওদোলচুয়া, সিঙ্গাডোবা, কদমডিহা, মাকুরভোলা, কখনও চাকাডোবা, ছুরিমারা, ময়ূরঝর্না ও চাকাডোবা, ছুরিমারা, বগডোবার পথে গাড়ি নিয়ে আসেন। পাহাড়ী নদীগুলোর উপর একাধিক ছোট কজওয়ে রয়েছে। কজওয়েগুলো নিচু। বর্ষায় হড়পা বানের বিপুল জল কজওয়ের উপর দিয়ে বয়ে যায়। পর্যটনের অন্য মরশুমেও কজওয়ের উপর দিয়ে বড় গাড়ি চলাচল করা কষ্টসাধ্য হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটন ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কজওয়েগুলো উঁচু করার দাবি জানাচ্ছেন। পর্যটকদের গাড়িটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে বেলপাহাড়ী বাজার, ওদলচুয়া হয়ে কাঁকড়াঝোরের দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ  চিরাকুটি গ্ৰাম সংলগ্ন ডাহুকখালের কালভার্টে হড়পা বানে গাড়িটি  ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিস এসে গাড়ি সহ তিন পর্যটককে উদ্ধার করে। অর্ণব সৈকত ভদ্র বলেন, বেলপাহাড়ীর একটি রিসর্টে সন্ধ্যে সাতটার সময় চেক ইন করার কথা ছিল। প্রবল বৃষ্টিতে গাড়ি ধীরে চলছিল। হড়পা বানে কোমর সমান জলে গাড়ি ডুবে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিস এসে উদ্ধার করে। হড়পা বানের বিষয়ে জানা ছিল না। রিসর্টের রিসেপশনিস্ট চন্দন বাগ বলেন, সাড়ে সাতটা থেকে আটটায় পর্যটকদের এখানে আসার কথা ছিল। পর্যটকদের একজন ফোন করে বিপদের কথা জানান। রিসর্টে রাত দেড়টার সময় পৌঁছন। বেলপাহাড়ী ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, বেলপাহাড়ীতে একাধিক ছোট নদী আছে। নদীগুলোর কজওয়েগুলো উঁচু করার জন্য আমরা অনেকদিন থেকেই বলেছি। বেলপাহাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়েই পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। গাড়িতে দু'জন পুরুষ ও একজন মহিলা ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে রাতে এগারোটার সময় গাড়িটি জেসিবি দিয়ে তোলা হয়। পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। ঝাড়গ্রাম পর্যটন দপ্তরের এক আধিকারিক বলেন, ব্লক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। পর্যটনস্থলগুলোতে পর্যটকদের সচেতন করার বিষয়েও নির্দেশ দেওয়া আছে।  গাড়িটি উদ্ধারের কাজ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ