Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ি রাখা নিয়ে বচসার মধ্যেই তরুণীর হার ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার তিন

গাড়ি পার্কিং নিয়ে বচসা থেকে যে এমন কাণ্ড ঘটবে, ভাবতে পারেননি কেউ! কথা কাটাকাটি চলাকালীন এক তরুণী ও তাঁর আত্মীয়দের কাছ থেকে চারটি সোনার হার ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল।

গাড়ি রাখা নিয়ে বচসার মধ্যেই তরুণীর হার ও মোবাইল ছিনতাই, গ্রেপ্তার তিন
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ি পার্কিং নিয়ে বচসা থেকে যে এমন কাণ্ড ঘটবে, ভাবতে পারেননি কেউ! কথা কাটাকাটি চলাকালীন এক তরুণী ও তাঁর আত্মীয়দের কাছ থেকে চারটি সোনার হার ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল। মহিলার অভিযোগ, বাইক নিয়ে জনা দশেক যুবক হাজির হয়ে তাঁদের উপর চড়াও হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার সোদপুরে। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানা। উদ্ধার হয়েছে মোবাইল ফোন। তবে ছিনতাই করা হারের সন্ধান মেলেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই তরুণী বাবাকে ছাড়তে সোদপুর এলাকায় আসেন। গাড়িটি বাড়ির সামনে পার্ক করা ছিল। রাস্তাটি সংকীর্ণ হওয়ায় গাড়ি চলাচল করছিল ধীর গতিতে। বিকেল ৫টা নাগাদ ওই এলাকায় বাইক নিয়ে আসে প্রায় ১০ জন যুবক। গাড়ি পার্কিং থাকায় তাদের বাইক বেরোতে পারছে না—এই অভিযোগ তুলে তারা হইচই শুরু করে দেয়। তখন তরুণী বাইরে বেরিয়ে এলে ওই যুবকরা বলে, গাড়ি রাস্তায় পার্ক করা যাবে না। এখনই সরিয়ে নিতে হবে। তাদের বাইক বেরোতে পারছে না। যানজট তৈরি হচ্ছে রাস্তায়। তরুণী বোঝানোর চেষ্টা করেন যে রাস্তা সরু ঠিকই, কিন্তু গাড়ি যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। অনেক গাড়ি বেরিয়েছে। এরপর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে তরুণীর তর্ক বেধে যায়। এরপরই ওই যুবকরা তরুণী ও তাঁর আত্মীয়দের মারধর করতে শুরু করে বলে অভিযোগ। তরুণীর ঠোঁট ও গলায় আঘাত লাগে। তাঁর ও আত্মীয়দের গলায় থাকা চারটি সোনার চেন ওই যুবকরা ছিনতাই করে বলে অভিযোগ। কেড়ে নেয় মোবাইলও। এরপর সেখান থেকে চম্পট দেয়। তরুণী হরিদেবপুর থানায় অভিযোগ করলে পুলিশ ছিনতাই, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে সোদপুর এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক।

Advertisement
সম্পর্কিত সংবাদ