নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক টেস্টে অনুত্তীর্ণদের সামনে অভিনব সুযোগ। আগের বার্ষিক পদ্ধতি থেকে সরে এসে তারা চাইলেই সুবিধা নিতে পারবে নয়া সেমেস্টার পদ্ধতির। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য তাদের একটি অপশন ফর্ম পূরণ করতে হবে। তাহলেই তারা সেমেস্টারের আওতায় আসার ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে। আর কোনও কারণে একাদশে থেকে যাওয়া পুরনো বার্ষিক পদ্ধতির ছাত্রছাত্রীদের সেমেস্টার পদ্ধতিতে আসতেই হবে।
একই সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিকে ব্যাক পাওয়া বা অনুত্তীর্ণদের কাছেও। সেক্ষেত্রেও পদ্ধতি একই। তবে মাথায় রাখতে হবে, সেমেস্টার পদ্ধতির সঙ্গে পাল্টে গিয়েছে সিলেবাস এবং বিষয় সমূহের সেটও। তাই এমন হতে পারে, আগের কোনও বিষয় পরিবর্তন করে নতুন কোনও বিষয় নিতে হতে পারে তাদের। ফলে, তাদের একেবারে নতুন করেই পড়াশোনা করার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু তাই নয়, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নিয়মবিধিও পাল্টে যাবে সেমেস্টার অনুযায়ী। তাই এগুলির জন্য ফের পরীক্ষা গিতে হবে তাদের। নতুন নম্বর ফের আপলোডও করতে হবে সংসদের পোর্টালে। নতুন বিষয় নিয়ে পড়তে হলে কোনও আপত্তি নেই, এই মর্মে একটি অঙ্গীকারপত্রও জমা দিতে হবে সংসদের আঞ্চলিক অফিসে। তবে, অপশন ফর্মটি মিলবে অনলাইনেই। স্কুলের আইডি দিয়ে সংসদের পোর্টালে লগ ইন করে সেই ফর্ম পূরণ করা যাবে। স্কুলগুলিই এক্ষেত্রে দায়িত্ব নিয়ে অপশন ফর্ম পূরণ করাবে।
এত শর্ত মেনে যদি টেস্টে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা নয়া পদ্ধতিতে আসতে না চায়, তাহলে সেই সুযোগও থেকে যাচ্ছে। পুরনো পদ্ধতিতেই শেষবারের মতো উচ্চ মাধ্যমিক দিতে পারবে তারা। তবে, ২০২৫-২৬ সালের পরে সেই সুযোগ আর থাকছে না। শিক্ষকরা অবশ্য বলছেন, এই সুযোগ ছাত্রছাত্রীদের নেওয়া উচিত। দু’ধাপে পরীক্ষা হলে নিজেকে প্রতি ধাপে উন্নত করার সুযোগ থাকে। তাছাড়া উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক। তাই বেশি নম্বর তোলার সুযোগও থাকে।