Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এবার ভিকট্রি প্যারেড হচ্ছে না! নাচে মাতোয়ারা বিরাট, ছবি তুললেন অনুষ্কা

বাজছে ঢোল। টি-শার্ট ও শর্টস পরে নাচছেন বিরাট। পাশেই ট্রফি হাতে ভাংড়ায় মজে ক্রুণাল পান্ডিয়া।

এবার ভিকট্রি প্যারেড হচ্ছে না! নাচে মাতোয়ারা বিরাট, ছবি তুললেন অনুষ্কা
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

আমেদাবাদ: বাজছে ঢোল। টি-শার্ট ও শর্টস পরে নাচছেন বিরাট। পাশেই ট্রফি হাতে ভাংড়ায় মজে ক্রুণাল পান্ডিয়া। গুজরাত টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেলিব্রেশনের ছবি সাড়া ফেলেছে সমর্থকদের মধ্যে। ড্যান্স ফ্লোরে ‘চ্যাম্পিয়ন্স’ লেখা জার্সি পরা কিং কোহলির মাস্টারক্লাসের ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। স্ত্রী অনুষ্কার সামনে মনের আনন্দে খেয়ালখুশিমতো নেচেই চলেছেন ভিকে। থামার বালাই নেই। সাদা জামা ও নীল জিন্স পরিহিতা অনুষ্কাকে দেখা যায় তা মোবাইলবন্দি করে রাখতে। নেট দুনিয়ায় তাঁর পোস্ট করা ভিকের ছবিও নিমেষে ভাইরাল।

Advertisement

নাচাগানার পাশাপাশি চলছে ট্রফি নিয়ে ফটোসেশন। স্ত্রী-সন্তানের সঙ্গে মাঠেই উৎসবমুখর দেখায় ভুবনেশ্বর কুমার, ক্রুণালকে। ট্রফির সঙ্গে পোজ দিতে থাকেন সকলেই। দু’বারের আইপিএল জয়ী ক্যাপ্টেন রজত পাটীদার ও মেন্টর দীনেশ কার্তিকের জন্মদিন ছিল সোমবার। হোটেলে ফেরার পর কেক কাটেন দু’জনে। এর আগে চেন্নাই সুপার কিংস (২০১০ ও ২০১১) ও মুম্বই ইন্ডিয়ান্সের (২০১৯ ও ২০২০) টানা আইপিএল জেতার নজির ছিল। সেই তালিকায় এবার যুক্ত হল বেঙ্গালুরুর নাম (২০২৫ ও ২০২৬)। পাটীদার অবশ্য অনন্য এক কীর্তির অধিকারী হলেন। নেতা হিসেবে প্রথম দুই মরশুমেই তাঁর হাতে উঠল ট্রফি। বিরাট আবার মাত্র ২৫ বলে পঞ্চাশে পৌঁছান ফাইনালে। কোটিপতি লিগে এটাই তাঁর দ্রুততম হাফ-সেঞ্চুরি। এই আসরে ২২ বার ম্যাচের সেরার সম্মান পেলেন তিনি। ভারতীয়দের মধ্যে ভিকে’ই তালিকার শীর্ষে। জস হ্যাজলউড আবার বিভিন্ন টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ছ’বার ফাইনাল খেলে প্রতিটিতেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন। আইপিএল ফাইনালে ক্রুণালের পাঁচবার আইপিএল ট্রফি জয়ের কৃতিত্বও উল্লেখযোগ্য। সেটা নিয়ে আবার ফটোসেশনের সময় রসিকতাও চলল। বিরাটরা যখন দুটো আঙুল তুলে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার কথা বোঝাচ্ছিলেন, তখন ক্রুণালের পাঁচটা আঙুলই তোলা!
ট্রফি নিয়ে এমন সেলিব্রেশন অবশ্য বেঙ্গালুরুতে করতে পারছেন না ক্রিকেটাররা। গতবছর ভিকট্রি প্যারেডই হয়ে উঠেছিল প্রাণঘাতী। প্রবল ভিড়ে পদপিষ্ট হয়েছিলেন ১১জন সমর্থক। সেকথা মাথায় রেখে এবার ট্রফি নিয়ে ভিকট্রি প্যারেডই করবে না আরসিবি। পুলিশের তরফে বলা হয়েছে, রাস্তাঘাটে কোনও উৎসব করা চলবে না। চাইলে বাড়ির মধ্যে তা অবশ্য করতেই পারেন সমর্থকরা। 
এদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর এবার সামনে আন্তর্জাতিক আসর। মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য বুধবারের মধ্যে স্কোয়াডে যোগ দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান পাদিক্কাল। হ্যাজলউড, শেফার্ডরা জাতীয় দলের হয়ে খেলতে দ্রুত বাড়ি ফিরবেন।

সম্পর্কিত সংবাদ