Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, পালটা পদ্ম শিবিরের

নির্বাচনি উত্তাপের আঁচ ক্রমশ ঊর্ধ্বমুখি বরানগরে। শুক্রবার বরানগরে বিজেপি প্রার্থীর প্রচার চলার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়।

বরানগরে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে  ‘চোর’ স্লোগান, পালটা পদ্ম শিবিরের
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নির্বাচনি উত্তাপের আঁচ ক্রমশ ঊর্ধ্বমুখি বরানগরে। শুক্রবার বরানগরে বিজেপি প্রার্থীর প্রচার চলার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, বরানগরের তৃণমূল নেতার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিয়ো তৈরির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এনিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। 

Advertisement

শুক্রবার সকালে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেনে প্রচার চলায় সময় কিছু মানুষ চোর চোর স্লোগান দিতে শুরু করেন। সাময়িক উত্তেজনা ছড়ায়। তবে সজলবাবু ঠান্ডা মাথায় কর্মীদের নিয়ে এগিয়ে যান। বরানগর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন, প্রার্থী প্রচারের নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। পাড়ার সাধারণ মহিলারা প্রতিবাদ জানিয়েছেন। যদিও অভিযোগ উড়িয়ে সজল ঘোষের দাবি, কারা কি উদ্দেশ্যে এসব করছে, বাস্তবে কারা বরানগরে চুরি করেছে তা এলাকাবাসী জানে। এটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর থেকে বরানগরে একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। তাতে দেখা যায়, বরানগরের তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসুর একটি বক্তব্য রয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি মিছিল যাচ্ছে। সেখানে অবশ্য উপপুরপ্রধান দিলীপনারায়ণ বসুকে দেখা যাচ্ছে না। সেখানে মুখ দেখতে না পাওয়া একজন দিলীপনারায়ণের ডাক নাম ধরে প্রশ্ন করছেন, ‘সায়ন্তিকাদি কত ভোটে হারবে?’ এরপর দেখা যাচ্ছে দিলীপনারায়ণ শুধু বলছেন, ‘২৮ হাজার।’ এহেন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বরাহনগরে শোরগোল শুরু হয়। ওই ভিডিয়োতে স্পষ্ট, সেটি এডিট করা। এই বিষয়ে দিলীপনারায়ণবাবু বলেন, এসব বিজেপির চক্রান্ত। থানায় অভিযোগ দায়ের করেছি। 

সম্পর্কিত সংবাদ