


গতকাল দোল বা হোলির উৎসবে মেতে উঠেছিল গোটা বাংলা। দোলযাত্রা আনন্দের উত্সব। আনন্দের এই রেশ হয়তো এখনও কাটেনি অনেকের। তবে এই হর্ষের মধ্যেও সচেতনতার বোধ হারালে চলবে না। কারণ দোল খেলার সময় আনন্দের বশে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার ফলে বড় সমস্যা দেখা দিতে পারে চোখ, ত্বক ও চুলে।
চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং রিজিওনাল ইনস্টিটিউট অব অবথ্যালমোলজির প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীম কুমার ঘোষ এবং মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক এবং প্রধান ডাঃ নীলেন্দু শর্মা জানাচ্ছেন দোল খেলার পরে কিছু দীর্ঘমেয়াদি উপসর্গ ক্ষতির সংকেত হতে পারে। এমনকী দোল খেলার পরের দিনেও এমন উপসর্গে দৌড়াতে হতে পারে হাসপাতালে!
বিশেষ করে দোলের দিনে সব জায়গায় রঙের উৎসবে মাখানো রঙে ব্যবহৃত রাসায়নিক ও সস্তা আবির থেকে চোখ, ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি হতে পারে! প্রশ্ন হল কী কী উপসর্গ দেখলে অবশ্যই হবেন সতর্ক!
চোখের বিপদচিহ্ন
চোখে রাসায়নিক রং ঢুকলে তা থেকে কর্নিয়া ও কনজাংটিভার অপূরণীয় ক্ষতি করতে পারে।
দৃষ্টি ঝাপসা হওয়া: রং ধোয়ার পরেও যদি দৃষ্টি ঘোলাটে লাগে বা দেখতে অসুবিধা হয় অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তীব্র যন্ত্রণা ও আলো থেকে সমস্যা: চোখে আলো পড়লে কষ্ট হওয়া বা চোখ খুলতে না পারার মতো জটিলতা দেখা দিলে দেরি না করে চোখের হাসপাতালে যান।
অস্বাভাবিক ফোলা ও লাল ভাব: চোখের পাতা বা ভেতরের অংশ ফুলে গেলে কোনওভাবেই দেরি করবেন না। যত দ্রুত সম্ভব চক্ষু রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন।
সাদা আস্তরণ: কর্নিয়ার ওপর কোনো সাদা দাগ বা আস্তরণ দেখা দিলে বুঝবেন আলসারের ঝুঁকি তৈরি হয়েছে। এই সমস্যা অবহেলা করলে স্থায়ী অন্ধত্ব আসতে পারে।
ত্বক ও চুলের সমস্যা
রঙে থাকা লেড, অ্যাসবেস্টস বা পারদ দীর্ঘমেয়াদি চর্মরোগের কারণ হতে পারে।
ফোস্কা বা আলসার: ত্বকে ছোট ছোট ফোস্কা পড়া বা ক্ষত সৃষ্টি হলে দ্রুত ত্বক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ক্রমাগত জ্বালা ও চুলকানি: সাবান দিয়ে রং তোলার পরেও যদি ত্বকে জ্বালা না কমে এবং চামড়া উঠে যেতে থাকে তাহলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
অ্যালার্জিক রিঅ্যাকশন: মুখ বা শরীরের কোনও অংশ অস্বাভাবাবিকভাবে ফুলে যাওয়া বা লাল চাকা চাকা দাগ হওয়ার মতো জটিলতা কোনওভাবে অবহেলা করবেন না। এমন উপসর্গ ত্বকে অ্যালার্জির ইঙ্গিত দেয়।
চুলের গোড়ায় সংক্রমণ: রং খেলার সময় আনন্দের বশে বা জোর করে কেউ কেউ বন্ধুর চুলে রং দিয়ে দেন। সব রং সমান হয় না। নিম্নমানের রঙে থাকা রাসায়নিক থেকে মাথার ত্বকে প্রচণ্ড চুলকানি বা পুঁজযুক্ত দানা দেখা দিতে পারে। এমন উপসর্গে দেরি করবেন না।
শেষ কথা
চোখে কোনও জটিলতা অ্যাসপিরিন বা বাজারচলতি যেকোনো আই-ড্রপ না লাগিয়ে অবিলম্বে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগ বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ত্বকে সমস্যা হলে কোনও স্টেরয়েড ব্যবহার করবেন না। বিশেষজ্ঞ ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লিখেছেন: সুপ্রিয় নায়েক