


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে নিকাশি পরিকাঠামোগত মানোন্নয়ন সংক্রান্ত নমামি গঙ্গে প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে পূর্বতন আপ সরকারের আমলেই। বাকি ছিল মাত্র একটি প্রকল্পের রূপায়ণ। আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে অবশ্য তার ৯৬ শতাংশ কাজই শেষ হয়ে গিয়েছিল। ক্ষমতায় এসে ওই বাকি থাকা চার শতাংশের কাজ শেষ করেছে দিল্লির নতুন বিজেপি সরকার। নমামি গঙ্গে প্রকল্প সংক্রান্ত খোদ জলশক্তি মন্ত্রকের রিপোর্টেই এই তথ্য প্রকাশ পেয়েছে। এর ফলে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।
কারণ দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকে বিগত দু’মাস ধরে বিভিন্ন ইস্যুতে লাগাতার আপকে তুলোধোনা করছে বিজেপি শিবির। এর মধ্যে অন্যতম হল নমামি গঙ্গে প্রকল্পের বাস্তবায়ন এবং শহরের নিকাশি পরিকাঠামোর উন্নয়ন। কিন্তু কেন্দ্রীয় সরকারের ওই রিপোর্ট আদতে বিজেপির জন্য ব্যুমেরাং হয়েছে।
নমামি গঙ্গের আওতায় দিল্লিতে মোট ন’টি প্রকল্পের কাজ চলছিল। সবক’টি প্রকল্পের অনুমোদিত বরাদ্দের পরিমাণ ১ হাজার ৯৫১ কোটি ৩ লক্ষ টাকা। ন’টি প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করতে খরচ হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ৬১ লক্ষ টাকা। মার্চ মাসে নমামি গঙ্গের সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে যে, ন’টি প্রকল্পই বাস্তবায়িত হয়েছে বলে উল্লেখ করেছে জলশক্তি মন্ত্রক। এর মধ্যে একটি বাদে বাকি প্রকল্পগুলির কোনওটির কাজ শেষ হয়েছে ২০২২ সালের মার্চে, কোনওটির ২০২১ সালের ফেব্রুয়ারিতে। কোনওটি ২০২৩ সালের জুলাই, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের আগস্ট, ২০২১ সালের ফেব্রুয়ারি, ২০২৪ সালের ফেব্রুয়ারি কিংবা ২০২২ সালের মার্চ মাসে। অর্থাৎ, প্রতিটিই দিল্লির পূর্বতন আপ সরকারের আমলে।
শুধুমাত্র ওখলাতে ৫৬৪ এমএলডি (মেগালিটারস পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ দিল্লিতে ক্ষমতায় এসে শেষ করেছে বিজেপি সরকার। রিপোর্ট অনুসারে, এই কাজ শেষ হয়েছে গত মাসে। যদিও নমামি গঙ্গের গত ফেব্রুয়ারি মাসের রিপোর্ট বলছে যে, সংশ্লিষ্ট প্রকল্পের কাজটি ৯৬ শতাংশই শেষ করেছিল আপ সরকার। অর্থাৎ, দিল্লির নতুন বিজেপি সরকার ‘ফিনিশিং টাচ’ দিয়েছে মাত্র। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নমামি গঙ্গে নিয়ে সর্বশেষ রিপোর্ট দিয়েছে জলশক্তি মন্ত্রক।