


নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: আশায় বুক বাঁধছেন রাজপুর সোনারপুর পুরসভার পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারা। ইতিমধ্যেই এখানে পাড়ায় পাড়ায় গ্যাসের পাইপ বসানোর কাজ শেষ করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি। তাহলে কি শীঘ্রই মিলবে এই পরিষেবা? এ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। যদিও গ্যাস কোম্পানির তরফে জানানো হয়েছে, সবে পাড়ায় পাড়ায় পাইপ বসানোর কাজ হয়েছে। এখনও বাড়িতে সংযোগ দেওয়া হয়নি। এই পরিষেবা পেতে আরও কিছুটা সময় লাগবে।
জানা গিয়েছে, ৮, ১৬, ১৭, ১৮, এবং ১৯ নম্বর— এই পাঁচটি ওয়ার্ডের অলিগলিতে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে মাটির নীচে বসে গিয়েছে পাইপ। পরের ধাপে বাড়ির ভিতরে গ্যাসের লাইন দেওয়া হবে। গ্যাস কোম্পানির এক আধিকারিক বলেন, মূল সড়কে বড় পাইপলাইন বসানো হয়েছে, তা থেকেই ওয়ার্ডের অলিগলিতে ছোট ব্যাসের পাইপ দিয়ে গ্যাস পাঠানো হবে। ধাপে ধাপে অন্যান্য ওয়ার্ডেও এই কাজ হবে। এই গ্যাসের সংযোগ নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছেন। কীভাবে মিলবে সংযোগ, লাইন নেওয়ার প্রক্রিয়া কী, কত টাকা পড়বে ইত্যাদি জানতে চাইছেন তাঁরা। আপাতত কামালগাজি থেকে বারুইপুর পর্যন্ত মেন রোডের নীচে দিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত পাইপ বসানোর অনুমতি পেয়েছে গ্যাস কোম্পানি। তার মধ্যে ইতিমধ্যেই আট কিলোমিটার পাইপ পাতার কাজ হয়ে গিয়েছে।