নয়াদিল্লি: এটিএম থেকে টাকা তুলতে গেলে এবার বাড়তি গাঁটের কড়ি খসাতে হবে। আগামী ১ মে থেকেই তা কার্যকর হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক এব্যাপারে এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছে। এই ইন্টারচেঞ্জ ফি কী? এক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই ফি নেওয়া হয়। মাসে নিখরচায় টাকা তোলার নির্ধারিত সীমা ছাড়ালে এই ফি প্রযোজ্য হয়। এবার এই ফি ২ টাকা বাড়ছে। প্রতি লেনদেনে বর্তমানের ১৭ টাকা থেকে ফি বেড়ে হচ্ছে ১৯ টাকা। ব্যালেন্স এনকোয়ারি ও মিনি স্টেটমেন্টের মতো নন-ফিনান্সিয়াল লেনদেনের ফি ৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭ টাকা।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনসিপিআই)-র সুপারিশের ভিত্তিতে ফি বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে। হোয়াইট লেবেল এটিএম অপারেটররা বেশ কিছুদিন ধরেই এই ফি বৃদ্ধির দাবি জানাচ্ছিল। এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, এটিএম পরিচালনার ব্যয় প্রচুর বেড়ে গিয়েছে। এজন্য চলতি ফি সেই ব্যয় সামলানোর ক্ষেত্রে পর্যাপ্ত নয়। ফি বৃদ্ধির ব্যাপারে অবশ্য এখনও রিজার্ভ ব্যাঙ্কের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশিত হয়নি। এটিএম ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধির ফলে মূলত ছোট ব্যাঙ্কগুলির বোঝা বাড়বে বলে মনে করা হচ্ছে। সীমিত এটিএম নেটওয়ার্কের কারণে তাদের বড় ব্যাঙ্কগুলির উপর নির্ভরশীল থাকতে হয়।
মেট্রো শহরগুলিতে হোম ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কগুলির এটিএমে নিখরচায় লেনদেনের সীমা পাঁচটি। মেট্রো শহর বাদে বিনামূল্যে লেনদেনের সীমা তিনটি। এই সীমা ছাড়ালে ফি দিতে হয়। এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়লে যাঁদের অন্য ব্যাঙ্কের এটিএম বেশি ব্যবহার করতে হয়, তাঁদের বাড়তি অর্থ দিতে হবে।