হায়দরাবাদ: কুসংস্কারের বশবর্তী হয়ে সাত মাসের মেয়েকে ‘বলি’ দিয়েছিলেন মা। তিন বছর পর সেই মামলায় ওই মহিলাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিল তেলেঙ্গানার সূর্যপেটের আদালত। ৩২ বছর বয়সি ওই মহিলার নাম বানোত ভারতী ওরফে লাস্য। সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে ফার্স্ট অ্যাডিশনাল সেশনস আদালতের বিচারক শ্যামা শ্রী নির্দেশে বলেন, একজন মা অন্ধ বিশ্বাস থেকে নিজের মেয়েকে খুন করেছে। এই ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’। তাই ভারতীকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে।
২০২১ সালে মেকালাপাট্টি তান্ডা এলাকায় এই খুনের ঘটনা ঘটে। পুলিস সূত্রে খবর, ভারতী মনে করত সে ‘সর্পদোষ’-এর শিকার। আর সেই দোষ কাটাতে ‘কালাজাদু’র দ্বারস্থ হয় সে। এর কিছুদিন পরেই সাত মাসের মেয়েকে গলা কেটে খুন করে ভারতী। বিষয়টি জানাজাানি হতেই ওই মহিলাকে গ্রেপ্তার করে মোথে থানার পুলিস। আদালতে দ্রুত চার্জশিটও পেশ করা হয়। পুলিস আরও জানিয়েছে, মেয়েকে খুন করার পরও ভারতীর মধ্যে কোনও অনুশোচনা ছিল না। উল্টে সে স্বামীকেও খুনের চেষ্টা করে। সেই মামলাতেও অন্য এক আদালত ভারতীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।