Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রথ যত্ন করে রাখুন, ওই রথে চড়েই ফিরতে হবে: অভিষেক, রায়দিঘিতে তৃণমূলের পালটা সভা ৮ মার্চ

সোমবার থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রথ যত্ন করে রাখুন, ওই রথে চড়েই ফিরতে হবে: অভিষেক, রায়দিঘিতে তৃণমূলের পালটা সভা ৮ মার্চ
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে রথে চড়ে বঙ্গসফরে বেরিয়েছেন বিজেপি নেতারা, বাংলার বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ওই রথে চড়েই বিজেপি নেতাদের দিল্লি, গুজরাতে ফিরতে হবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ঘটনাচক্রে সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক বিষয় তুলে ধরে তৃণমূল ও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তার জবাব আগামী ৮ মার্চ রায়দিঘিতে সভা করে দিতে চলেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এদিন দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ থেকে ‘তফসিলি সংলাপ’ নামে একটি কর্মসূচি শুরু করেছে তৃণমূল। সেখানে তৃণমূলের সভা যখন চলছে, তখন সমসাময়িক সময়ে রাজ্যের পাঁচ জায়গা থেকে বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে। স্বাভাবিকভাবেই বিজেপির কর্মসূচির জবাব নজরুল মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘রথযাত্রা শুরু করেছেন জমিদারবাবুরা। রথযাত্রা আষাঢ়-শ্রাবণ মাসে হয় শুনেছি। জুলাই, আগস্ট মাসে হয় শুনেছি। ফেব্রুয়ারি, মার্চ মাসে রথ হয়, প্রথম দেখলাম। আর জগন্নাথদেব, শ্রীকৃষ্ণ, অর্জুনের রথের কথা শুনেছি। দেবদেবীদের রথের কথা শুনেছি। দু’নম্বর চিটিংবাজদের রথের কথা শুনিনি। এই প্রথম শুনলাম। মানুষের প্রতিনিধিরা রাস্তায় থাকবে। না থেকে রথে থাকছেন।’ পাশাপাশি অভিষেকের বক্তব্য, ‘বিজেপি নেতারা নিজেদের ভগবান ভাবছেন আর রথে চড়ে আসছেন। সযত্নে রেখে দেবেন ওই রথ। কারণ আমরা সোজা রথের তাৎপর্য ও প্রথা যেমন জানি, তেমনি উলটো রথের প্রথাও জানি। ওই রথে চড়েই বিজেপি নেতাদের দিল্লি, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ফিরতে হবে।’ তাঁর আরও বক্তব্য, ‘বিজেপি ক্ষমতায় না থেকে রথ তৈরি করেছে। ক্ষমতায় থাকলে তো চারতলা রথ বানাতো। ৭০ বিধায়কের জায়গায় যদি ২০০ থাকতো, তাহলে কত বড় রথ হত কে জানে!’
তবে বিজেপি যে যাত্রা শুরু করেছে, তাতে কোনো অবস্থায় তৃণমূল কর্মীরা যেন প্ররোচনায় পা না দেন, সেই নির্দেশ দিয়েছেন অভিষেক। উলটে দলীয় কর্মীদের অভিষেকের পরামর্শ, ‘বিজেপির রথ গেলে ওদের নেতাদের নিজের সাধ্য মতো মাছ, মাংস, ডিম,চা, মিষ্টি খাইয়ে দেবেন। বাংলার সংস্কৃতি হল অতিথি দেব ভব।’
পাশাপাশি এসআইআর নিয়ে কমিশন ও কেন্দ্রকে নিশানায় গেঁথেছেন অভিষেক। বলেছেন, ‘আশ্চর্যের বিষয় হল, যে বিচারপতির এজলাসে এসআইআর মামলা চলছে, তাঁরই ভোটার তালিকায় নামের বানান ভুল সামনে এসেছে। বিজেপির কথায় কমিশন ৬০ লক্ষ ভোটারের নাম তালিকায় বিচারাধীন রেখেছে, তারা মে মাসে জবাব পাবেন। বিজেপিকে বাংলা ছাড়া করবে রাজ্যের মানুষ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ