Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা গান লেখা টি শার্টে দোলের বাজার মাত

দোলে নয়া আমদানি ‘বাংলা টি শার্ট’। তাতে দোল নিয়ে যে সব বাংলা গান চলতি আছে তা ছাপানো। দোলের বাজারে কলকাতাজুড়ে সেই টি শার্ট বিক্রি হচ্ছে।

বাংলা গান লেখা টি শার্টে দোলের বাজার মাত
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোলে নয়া আমদানি ‘বাংলা টি শার্ট’। তাতে দোল নিয়ে যে সব বাংলা গান চলতি আছে তা ছাপানো। দোলের বাজারে কলকাতাজুড়ে সেই টি শার্ট বিক্রি হচ্ছে। বিকোচ্ছে দেদার। রং খেলার জন্য সেটি একদিনই ব্যবহার করা যাবে। দাম শুরু হয়েছে ৭০ টাকা থেকে। এছাড়া বেশি দামের তো আছেই। বাচ্চা থেকে বড়ো, সকলের জন্যই আছে দোল টি শার্ট।

Advertisement

দাবি, দাম কম মান ভালো, ফলে সেই টি শার্ট কেনার জন্য ক্রেতাদের ভিড় হচ্ছে বেশ। কোনওটিতে লেখা, ‘খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়।’ কোনটিতে লেখা, ‘বসন্ত এসে গেছে।’ কারো পছন্দ, শুধু ‘বসন্ত উত্সব’ লেখা টি শার্ট। কয়েকটিতে গানের লাইন নয়, লেখা আছে, ‘এসো তোমাকে রং মাখাই’ কিংবা ‘রঙ দেবেন না’, ‘শুভ দোলযাত্রা’ ইত্যাদি। গড়িয়াহাটের ফুটপাতে চোখ ঘোরালেই এইসব লেখা টি শার্টের ছড়াছড়ি। এক ক্রেতার কথায়, ‘বাঙালির কাছে দোল মানেই বিখ্যাত সেই গান, ‘খেলব হোলি রং দেব না।’ আর হাল আমলের গান ‘বসন্ত এসে গেছে।’ এইসব কথা টি শার্টে দেখে হেব্বি লাগছে। কিনতে তো হবেই।’ বিক্রেতারা গুচ্ছ গুচ্ছ স্টক নিয়ে এসে দোকান সাজাচ্ছেন। তাঁদের বক্তব্য, ‘এই টি শার্টের দাম কম, মান ভালো। লোকজন এসে এমনিতেই কিনে নিয়ে যাচ্ছেন। ছোটদেরগুলি আমরা ৬০ টাকায় বিক্রি করছি। ৭-৮ টাকা লাভ রাখছি শুধু।’ গড়িয়াহাটেই যে শুধু বিক্রি হচ্ছে এমন কিন্তু নয়। দক্ষিণ ও উত্তর কলকাতার পাড়াগুলির অলিগলিতেও এই দোল টি শার্ট পাওয়া যাচ্ছে। ৫টির বেশি কিনলে কেউ কেউ দিচ্ছেন দাম আরও কমিয়ে।
কসবার বাসিন্দা গৃহবধূ মিতালি চট্টোপাধ্যায় বলেন, ‘ছেলেকে নিয়ে পিচকারি আর রং কিনতে এসেছিলাম। ও এসে এই টি শার্ট দেখল। দেখেই বায়না ধরেছে। দেখলাম ৭০ টাকা দাম। তাই কিনেই নিলাম। এটা পরেই রং খেলবে। অন্য কোনও জামা নষ্ট হবে না।’ শুধু যে বাংলা গানের লাইন লেখা রয়েছে টি শার্টে এমন অবশ্য নয়। হিন্দি ও ইংরেজিতেও লেখা বিভিন্ন লাইন। অমিতাভ বচ্চনের ‘রং বরসে’ লেখা টি শার্টও আছে। গড়িয়াহাট চত্বরে মায়েরা এসে ছেলে-মেয়েদের পিঠে রেখে সাইজ মেপে তবে কিনছেন। সবমিলিয়ে দোলের বাজারে নতুন এক জিনিস পাওয়া গিয়েছে। ক্রেতাদের বক্তব্য, ‘এতদিন তো রঙিন চুল, চশমা, এসব জিনিস দেখেছি। এবার টি শার্টও এসেছে। বাংলায় লেখা টি শার্টগুলি আমাদের নিজস্ব। এবছর মনে হচ্ছে এমন একখানা গায়ে না চাপালে উত্সবটা ঠিক জমবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ