নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় এআইডিএসও নেত্রী সুশ্রীতা সোরেনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর ৮৬ মিনিট তাঁকে সিসি ক্যামেরায় দেখা যায়নি। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই তথ্য দিল রাজ্য। নেত্রীকে আটক থেকে মুক্তি পর্যন্ত প্রতি মুহূর্তের তথ্য তলব করেছিল হাইকোর্ট।
বৃহস্পতিবার পুলিস লকআপের সিসিটিভি ফুটেজ জমা পড়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। ওই ৮৬ মিনিট সুশ্রীতা কোথায় ছিলেন, তার তথ্যও দিয়েছে রাজ্য। পাশাপাশি রাজ্যের তরফে দাবি করা হয়, আইসি-র ঘরে নেত্রীকে অত্যাচারের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়। এক্ষেত্রে কেন তফসিলি জাতি উপজাতি সংক্রান্ত ধারা প্রয়োগ করা হল না, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী। সবপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি জানিয়েছেন, ২১ এপ্রিল এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেবে আদালত।