Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্রিটিশ বধের চ্যালেঞ্জ নিয়ে মুম্বইয়ে সূর্যরা, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন স্যামসন

বিমানবন্দরের বাইরে উপচে পড়া ভিড়। নায়কদের স্পর্শ পেতে চায় সকলেই। কেউ সেলফির সন্ধানে। কেউ নোটবুক ও পেন এগিয়ে দিচ্ছেন অটোগ্রাফের আশায়।

ব্রিটিশ বধের চ্যালেঞ্জ নিয়ে মুম্বইয়ে সূর্যরা, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন স্যামসন
  • ৪ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

মুম্বই: বিমানবন্দরের বাইরে উপচে পড়া ভিড়। নায়কদের স্পর্শ পেতে চায় সকলেই। কেউ সেলফির সন্ধানে। কেউ নোটবুক ও পেন এগিয়ে দিচ্ছেন অটোগ্রাফের আশায়। ভারতীয় ক্রিকেটারদের ঘিরে এই দৃশ্য নতুন আর কী! তবে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে ক্ষণিকের জন্য ফিরে এল ২০১১ সালের ফাইনালের আগের ছবি। মোহালিতে বিশ্বকাপ সেমি-ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কাপ জয়ের স্বপ্নে বিভোর ছিল গোটা দেশ। শচীন, ধোনিরা মুম্বইয়ে পা রাখার পর দেখা গিয়েছিল আবেগের বিস্ফোরণ। একইভাবে উদ্বেলিত হয়েছিল ক্রিকেট জনতা।  

Advertisement

সোমবার বিকেলে সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহদের ঘিরেও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে ভিন্ন ছবিও চোখ পড়ল। এতদিন ভারতীয় দলে সঞ্জুর তেমন কদর ছিল না। সেভাবে সমর্থকদের আবেগও ঝরে পড়ত না তাঁর জন্য। কিন্তু ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৮৭ রানের ম্যাচ জেতানো ইনিংস সঞ্জুর ক্রিকেট জীবন আমুল বদলে দিয়েছে। স্ত্রীর হাত ধরে বিমানবন্দর থেকে বেরনোর সময় তাঁর নামে জয়ধ্বনি দিতে দেখা ক্রিকেট ভক্তদের।  
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে টিম ইন্ডিয়ার বাসে অক্ষর প্যাটেলের নেওয়া সঞ্জুর ইন্টারভিউ ভালোই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে গলি থেকে সঞ্জুর রাজপথের কামব্যাক মোটেও সুখের ছিল না। অনেক আত্মত্যাগ ও সংকল্পই গড়ে দিয়েছে ফেরার পথ। একটা সময় বিশ্বকাপ স্কোয়াডে থেকেও তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার জন্য তিনি শুধু নেটে সময় দেননি, একই সঙ্গে নিয়েছেন কঠিন পদক্ষেপ। ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে রেখেছেন নিজেকে। আর সেটা মনঃসংযোগ বাড়াতে। 
ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালের টিকিট পাকা করেছে ভারত। ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে সূর্যদের প্রতিপক্ষ ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বে দুরন্ত ফর্মে ইংরেজরা। তবে ওয়াংখেড়ে ভারতের পয়মন্ত মাঠ। এখানেই ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। তেইশের সেমি-ফাইনালেও শেষ হাসি হেসেছিল টিম ইন্ডিয়া। তাই বিশ্বজয়ের মঞ্চে ব্রিটিশ বধে প্রস্তুত সূর্য ব্রিগেড।
তবে এই মাঠে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরেছিল ভারত। আবারও বিশের বিশ্বকাপের শেষ চারের লড়াই শচীনের পাড়ায়। কোচ গৌতম গম্ভীর সতর্ক। তবে দলের খেলায় তিনি খুশি। সঞ্জুর প্রশংসা করতে গিয়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারারের তকমাও দেন তাঁকে। গম্ভীরের সাফ কথা, ‘আমরা এখন শুধু দুটো ম্যাচ নিয়ে ভাবছি। মাথার মধ্যে আর কিছু ঢোকাতে চাই না। দলের মনোবল তুঙ্গে। ইংল্যান্ড ভালো দল। জানি, লড়াই সহজ হবে না। তবে আমার ছেলেরা সেরা পারফরম্যান্স তুলে ধরার জন্য তৈরি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ