নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরনে সাদা টি-শার্টের উপর জিপ-আপ জ্যাকেট। যার দু’হাতে লাল স্ট্রাইপ। শুক্রবার বিকেলে সূর্যকুমার যাদব কলকাতা বিমানবন্দর থেকে বেরোতেই ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগানে কেঁপে উঠল চত্বর। সূর্যের মুখেও হাসির ঝিলিক। কল্লোলিনি তিলোত্তমার ক্রীড়াপ্রেম তাঁর অজানা নয়। দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন তিনি। তবে এখন তাঁর কাঁধেই গুরুদায়িত্ব! টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন স্কাই। রবিবার চেনা মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দলকে সেমি-ফাইনালে তোলাই তাঁর লক্ষ্য। অনুরাগীদের দিকে হাত নাড়িয়ে এদিন আশ্বস্ত করলেন সূর্য। তারপর দুলকি চালে উঠে পড়লেন টিম বাসে। এরপর কোচ গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহরা একে একে বাসে উঠলেন। শুক্রবার অবশ্য তাঁরা হোটেলে বিশ্রাম নিলেন। শনিবার সন্ধ্যায় সূর্যকুমাররা চূড়ান্ত মহড়ায় নেমে পড়বেন ক্রিকেটের নন্দন কাননে। পিতৃহারা রিঙ্কু সিং অবশ্য টিমের সঙ্গে কলকাতায় আসেননি। বাবার শেষকৃত্যে যোগ দিতে চেন্নাই থেকেই বাড়ি ফিরেছেন। রবিবার সকালে দলে যোগ দিতে পারেন তিনি।



