Bartaman Logo
৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিহিংসাপরায়ণ দল, বিজেপিকে আক্রমণ সুজিতের

মনোনয়নপত্র পেশের দিনই ইডির তলব! তাই সোমবার সল্টলেকে মনোনয়ন পেশ করেই বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন চারবারের বিধায়ক ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু।

প্রতিহিংসাপরায়ণ দল, বিজেপিকে আক্রমণ সুজিতের
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মনোনয়নপত্র পেশের দিনই ইডির তলব! তাই সোমবার সল্টলেকে মনোনয়ন পেশ করেই বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন চারবারের বিধায়ক ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু।

Advertisement

তৃণমূল প্রার্থীর হাতে এদিন ছিল দু’টি কাগজ। সেটির একটি ইডির নোটিস। অন্যটি মামলায় অভিযুক্তদের নাম। তিনি বলেন, ‘এটা বলতাম না। কিন্তু বলার দরকার আছে। একটা কেসে ইডি আমার বাড়িতে রেড করেছিল, আপনারা জানেন। সেই রেডের পর আমার পরিবারের লোকেদের ডাকা হয়েছিল। তাঁরা গিয়েছিল। কেসের চার্জশিট সাপ্লিমেন্টারি হয়ে গিয়েছে। সিবিআই অভিযুক্তদের নাম বলে দিয়েছে। তার কাগজ এনেছি।’ সেই কাগজ দেখিয়ে তিনি বলেন, ‘এতে অভিযুক্তদের নাম আছে। এখানে সুজিত বসুর নাম কোথাও নেই। এই খোলা আকাশের নীচে চ্যালেঞ্জ করে বলতে পারি সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে, চাকরি বিক্রি করে রোজগার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘একটা ঘৃণ্য ষড়যন্ত্র হচ্ছে। সে কারণে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশনকে কাজে লাগানো হচ্ছে। বিজেপির পায়ের তলার মাটি নেই। বিজেপি জিতবে না। বিজেপি ক্ষমতায় আসবে না। আজকের নোটিস দেখুন। কতটা প্রতিহিংসাপরায়ণ হলে আজকের দিনে নোটিস পাঠায়! এই কেসের চার্জশিটও হয়ে গিয়েছে। ২০২৩ সালের কেস। আজকের দিনটা বেছে নোটিস পাঠিয়েছে! সুজিত বসু ভয় পায় না। কেন ভয় পাই না? কারণ জীবনে কোনও অসৎ কাজ করিনি।’ অন্যদিকে এদিন এসআইআরে মানুষের হয়রানি হওয়া নিয়েও প্রতিবাদ জানান সুজিত। বলেন, ‘আজকেও দেখলাম মহকুমা শাসকের অফিসের বাইরে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। এসআইআরে তাঁদের নাম বাদ দিয়েছে। এটা অনেক বড়ো ষড়যন্ত্র। বিজেপি এবং ইলেকশন কমিশন মিলে কাজটা করছে। আমরা পাশে আছি। আপনারা ২৯ এপ্রিল এর জবাব দেবেন।’ এদিন ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশ থেকে সুজিত বসু কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে এসডিও অফিসে যান মনোনয়ন জমা দিতে।

সম্পর্কিত সংবাদ