নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণার পরদিনই ১৯২টি আসনে প্রার্থীর নাম জানাল বামফ্রন্ট। সোমবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএম এবং অন্যান্য শরিক দলের নেতাদের উপস্থিতিতে প্রার্থী তালিকা ঘোষণা করেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে জামানত বাঁচানো সিপিএমের দুই নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর নাম নেই এদিনের তালিকায়। প্রশ্ন উঠেছে এ নিয়ে। আবার বৈঠক শেষে ‘ক্ষুব্ধ’ ফরওয়ার্ড ব্লক চিঠি দিয়েছে বিমানবাবুকে।
প্রথম তালিকায় সিপিএম ১৪০, ফরওয়ার্ড ব্লক ২১, আরএসপি ১৩, সিপিআই ১৬, মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক ও আরসিপিআইয়ের ১টি করে প্রার্থী রয়েছে। কেন নেই সুজন-সেলিম? সূত্রের খবর, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যের মধ্যে একমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রার্থী পদ পাকা করে রাখা হয়েছিল। প্রত্যাশা মতো তিনি উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এদিন দেখা যায়, ছক ভেঙে রানিবাঁধ কেন্দ্র থেকে আর এক সম্পাদকমণ্ডলীর সদস্য দেবলীনা হেমব্রম প্রার্থী হয়েছেন।
তবে কি এমন ছক ভাঙা দ্বিতীয় তালিকায় পাওয়া যাবে? অলিমুদ্দিনের এক নেতা বলেন, সামনে আরো কী কী হয় দেখা যাক! তার মানে কি সেলিম-সুজনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে? যাদবপুর কেন্দ্রে ইতিমধ্যেই বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রার্থী। এদিন সন্ধ্যায় তাঁকে নিয়ে বিমান বসু, সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়রা প্রচারে নেমে পড়েছেন।
এক পক্ষের দাবি, সুজন চক্রবর্তীকে টালিগঞ্জে দাঁড়ানোর কথা বলে হয়েছিল। কিন্তু তিনি ভোটে লড়বেন বলে মনে হয় না। সুজন ঘনিষ্ঠর দাবি, এবছর প্রার্থীদের প্রচারে থাকতে চান তিনি। তাই কি টালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করা হল না? আবার ভবানীপুর কেন্দ্রেও এদিন প্রার্থী ঘোষণা করা হয়নি। লোকসভায় একমাত্র মুর্শিদাবাদের রানিনগর থেকে সামান্য ভোটে এগিয়ে ছিলেন সেলিম। সেই কেন্দ্রের প্রার্থীও এদিন ঘোষণা করা হয়নি। জল্পনা, ওই কেন্দ্রের জন্যও কি ছক ভাঙতে পারে সিপিএম?
বিমানবাবু জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বাকি কেন্দ্রগুলির প্রার্থী ঘোষণা হবে। নদীয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। বিগত উপনির্বাচনে বোমার আঘাতে নিহত বালিকা তামান্না খাতুনের মা তিনি।
এর মধ্যেই ফের বেসুরো ফরওয়ার্ড ব্লক। তারা সাংবাদিক সম্মেলনে পর বিমানবাবুকে চিঠি দিয়ে বলেছে, দ্বিপাক্ষিক বৈঠকে নিষ্পত্তি হওয়ার পরেও কেন শ্যামপুকুরে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হল না? এছাড়া কোচবিহার উত্তর, জলপাইগুড়ি, হরিশ্চন্দ্রপুর ও গলসিতে একতরফাভাবে সিপিএম প্রার্থী ঘোষণা করে দিয়েছে। রানিনগরের বিষয়টি নিষ্পত্তি না-হওয়ার কারণে প্রার্থীর নাম পরে জানানো হবে, বলা হয়েছিল ফরওয়ার্ড ব্লকের ওই চিঠিতে। এদিকে আজ, মঙ্গলবার আইএসএফের ২৯-৩০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে। নেতৃত্বের বক্তব্য, এছাড়া অনেক গোষ্ঠী এবং ‘নির্দল’ ব্যক্তির জন্যও আসন রাখা হয়েছে। সিপিআই(এমএল) লিবারেশন বামফ্রন্টের সঙ্গে সহমতের ভিত্তিতে ১০ টি কেন্দ্রে প্রার্থী দেবে বলে জানিয়েছে।
অন্যদিকে, আর এক বাম দল এসইউসি এদিন ২৩০টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। তাদের তালিকায় ছাত্র সংগঠন ডিএসও নেতা তথা আর জি কর আন্দোলনের মুখে অনিকেত মাহাতো নেই। তবে মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছেন সুশ্রীতা সোরেন। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।