


সংবাদদাতা, বাগডোগরা: তিনবার একই বিষয়ে ফেল করার পর আন্দোলনের পথ বেছে নিলেন কলেজ পড়ুয়ারা। হয় পাশ করাতে হবে, না হয় বিশেষ সুযোগ দিতে হবে। এই দাবি নিয়ে শুক্রবার শিলিগুড়ি কলেজ, সূর্য সেন মহাবিদ্যালয় ও বাগডোগরার কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয়ের পড়ুয়ারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারী পড়ুয়ারা বেশিরভাগই প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমেস্টারের।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, একটি বিষয়ে ব্যাক পেলে সেই পরীক্ষা তিনবার দিতে পারবেন পড়ুয়ারা। ফলে এবছর তাঁরা আর ওই বিষয়ে পরীক্ষায় বসতে পারছেন না। শুক্রবার ওই তিন কলেজের কয়েকশো পড়ুয়া পাশ অথবা পুনরায় পরীক্ষায় বসতে দেওয়ার দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর গণস্বাক্ষর করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূপুর দাসকে আবেদন জানান।
বিক্ষোভকারী এক পড়ুয়াকে কোন শিক্ষাবর্ষের ছাত্রী জিজ্ঞেস করা হলে তিনি কলেজের নাম জানান, তবে কোন শিক্ষাবর্ষের তা নিয়ে চুপ থাকেন। সাংবাদিকদের ক্যামেরা দেখে অনেকেই মুখ ঢেকে সরে যান। তবে তাঁদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রশাসনিক ভবনের সামনে। তাঁদের গেটে আটকে দিলে গ্রিল ধরে টানাটানি করেন। পড়ুয়াদের দাবি, তাঁদের বিশেষ সুযোগ দেওয়া হোক।
রেজিস্ট্রার বলেন, ছাত্রছাত্রীরা এসেছিল। তাদের সঙ্গে কথা বলেছি। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে তিনবার ব্যাক সাবজেক্টে পরীক্ষা দিতে পারে পড়ুয়ারা। শিক্ষা ব্যবস্থার নিয়ম ভেঙে অথবা পড়াশোনার মান কমিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।