Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হাই মাদ্রাসা পরীক্ষার সেরার তালিকায় ছাত্রীদের জয়জয়কার, চমক মালদহের

শনিবার প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন।

হাই মাদ্রাসা পরীক্ষার সেরার তালিকায়  ছাত্রীদের জয়জয়কার, চমক মালদহের
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফলাফল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। হাই মাদ্রাসা (৪৪ হাজার ৭৩), আলিম (১১ হাজার ৫৮৮) এবং ফাজিল (চার হাজার ৭১৩) মিলিয়ে ৬০ হাজার ৩৭৪ জন পরীক্ষায় বসেছিল। পাশের হার যথাক্রমে ৯০.৩২ শতাংশ, ৯২.৮১ শতাংশ এবং ৯৩.১৫ শতাংশ। তিনটি পরীক্ষাতেই গতবারের তুলনায় পাশের হার বেড়েছে। ফলপ্রকাশ হল পরীক্ষার ৪০ দিনের মধ্যে । 

Advertisement

হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম দশে থাকা ১৫ জনের মধ্যে ১০ জনই মালদহ জেলার। জয়জয়কার ছাত্রীদের। প্রথম হয়েছে দু’জন। ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহামিদা ইয়াসমিন এবং বটতলা হাই মাদ্রাসার ছাত্রী শাহিদা পারভিন যুগ্মভাবে প্রথম। তাদের প্রাপ্ত নম্বর ৭৮০। ইসলামপুর সাগর হাই মাদ্রাসার ছাত্রী সামসুন নেহার ৭৭৬ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। মহম্মদিয়া হাই মাদ্রাসার আলিফনুর খাতুন ৭৭২ পেয়ে তৃতীয়। তারা সবাই মালদহের। 
আলিমে ৮৭৩ পেয়ে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার কাটিয়া শাহ রজব আলি সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ সইদ আলম মণ্ডল। দ্বিতীয় স্থানে ওই একই মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লা গাজি। তার প্রাপ্ত নম্বর ৮৭০। উত্তর ২৪ পরগনার হাদিপুর শাহা আনোয়ারউলউলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র ওমর ফারুক মণ্ডল ৮৫৩ পেয়ে তৃতীয় হয়েছে।
ফাজিল পরীক্ষায় প্রথম ইয়ামিন শেখ (৫৬২ নম্বর) দক্ষিণ ২৪ পরগনার খেরিয়া সিদ্দিকিয়া হাই মাদ্রাসার ছাত্র। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে দু’জন। তাদের একজন এই জেলার কালেরাইট মহম্মদিয়া দারুস সুন্নত সিনিয়র মাদ্রাসার ছাত্র। নাম, রায়হান হোসেন (প্রাপ্ত নম্বর ৫৫৯ নম্বর)। অপর দ্বিতীয় স্থানাধিকারী বাকিবুল্লা গায়েন ইসলাম নগর (ডঙ্ক) নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র। তাদের থেকে মাত্র এক নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে মুর্শিদাবাদের ছাইঘড়ি কে আই সিনিয়র মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম। তিনটি পরীক্ষা মিলিয়ে মেধা তালিকায় রয়েছে ২৭ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৫৪ হাজার ৯৫১।
মাধ্যমিকের পর মাদ্রাসার মেধা তালিকায় মালদহের সাফল্য বিশেষভাবে নজর কাড়ছে শিক্ষামহলের। তবে পাশের হারে মাধ্যমিকের মতোই সবার সেরা পূর্ব মেদিনীপুর। হাই মাদ্রাসায় ৯৭.৫৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এই জেলা থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে আলিপুরদুয়ার জেলা (৯৫.৬৩ শতাংশ)। ৯৫.২১ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেরা হওয়ার লড়াইয়ে ছাত্রীরা টেক্কা দিলেও পাশের হারে এগিয়ে ছাত্ররা। ছাত্রীদের তুলনায় সংখ্যায় কম হলেও আলিম, ফাজিল এবং হাই মাদ্রাসায় ছাত্রদের পাশের হার বেশি। বিশেষ করে আলিম এবং ফাজিলে সে ফারাক বেশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ