Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমন্ড বাগানের শোভায় পরিপূর্ণ বসন্তের শ্রীনগর

ভূস্বর্গে এখন ভরা বসন্ত। আমন্ডের বাগানে চোখজুড়ানো শোভা। গাছের ডালে ডালে সাদা, গোলাপি ফুলের বাহার। যা দেখে মনপ্রাণ জুড়িয়ে যায়।

আমন্ড বাগানের শোভায় পরিপূর্ণ বসন্তের শ্রীনগর
  • ৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: ভূস্বর্গে এখন ভরা বসন্ত। আমন্ডের বাগানে চোখজুড়ানো শোভা। গাছের ডালে ডালে সাদা, গোলাপি ফুলের বাহার। যা দেখে মনপ্রাণ জুড়িয়ে যায়। ঠিক যেন জীবন্ত ক্যানভাসে নানান রং দিয়ে ছবি এঁকে চলেছে প্রকৃতি। এভাবেই সেজে উঠেছে শ্রীনগরের শতাব্দী প্রাচীন বাদামওয়াড়ি গার্ডেন। হরি পর্বত দুর্গের পাদদেশে অবস্থিত এই বাগিচায় মুগ্ধ পর্যটকরা। 

Advertisement

বসন্তের সঙ্গে পলাশ-শিমুলের সখ্য পরিচিত। কিন্তু উপত্যকার এই বাগানের আকর্ষণ আমন্ড ফুল। বসন্তের শুরুতেই ফুলে ভরে যায় আমন্ড গাছ। আকাশে বাতাসে মন ভালো করা সুবাস। বাগানের রাস্তা যেন পাপড়ির চাদর। যেন স্বপ্নের দৃশ্য। 
প্রকৃতির এই অনবদ্য সূষ্টি প্রত্যক্ষ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আমন্ড গাছের ছায়ায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন দিল্লির ফাতিমা আহমেদ। তাঁর কথায়, ‘সুগন্ধে পরিপূর্ণ বাতাস। এই অভিজ্ঞতা সহজে ভোলার নয়।’ কয়েক শতাব্দী ধরে ভূস্বর্গের শোভা বৃদ্ধি করছে বাদামওয়াড়ি গার্ডেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুঘল আমলের ইতিহাস। প্রকৃতির মাঝে বনভোজনের সুযোগ ছাড়তে নারাজ স্থানীয়রা। গুলজার ওয়ানি নামে এক ব্যক্তির কথায়, ‘বাদামওয়াড়ির আমন্ড ফুল দিয়েই কাশ্মীরে বসন্তের সূচনা হয়। এটা শুধু বাগান নয়। আমাদের সংস্কৃতি ও আত্মার অংশ।’
অযত্নের কারণে এক সময় নষ্ট হতে বসেছিল বাদামওয়াড়ি। সম্প্রতি এই বাগানকে তার পুরনো রূপ ফিরিয়ে দিয়েছে জম্মু-কাশ্মীর পর্যটন দপ্তর। শুক্রবার থেকে এখানে শুরু হয়েছে ‘আমন্ড ব্লুম ফেস্টিভাল’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ অন্যান্য বিশিষ্টরা। প্রকতির মাঝেই বসেছে স্থানীয় খাবার ও হস্তশিল্পের স্টল। সব মিলিয়ে বসন্ত উদযাপনে মাতোয়ারা বাদামওয়াড়ি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ