Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের সই জাল করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে ছেলে!

বাঘাযতীনে বৃদ্ধা মালবিকা মৈত্রের (৭২) ছেলে কেন মায়ের অ্যাকাউন্ট থেকে বারবার টাকা তুলেছিল, তা এবার তদন্তকারীদের নজরে।

মায়ের সই জাল করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে ছেলে!
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঘাযতীনে বৃদ্ধা মালবিকা মৈত্রের (৭২) ছেলে কেন মায়ের অ্যাকাউন্ট থেকে বারবার টাকা তুলেছিল, তা এবার তদন্তকারীদের নজরে। মা শয্যাশায়ী হওয়ায় তাঁর সই জাল করেই ছেলে অভিষেক এই টাকা তুলেছিল বলে অভিযোগ। বাজারে ধারদেনা মেটাতে, নাকি কোনও চক্রে জড়িয়ে পড়ে সে এভাবে টাকা তুলেছিল— সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে এখনও খোঁজ নেই অভিষেকের। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের পরই দেহে আগুন লাগানো হয়। 

Advertisement

রহস্যজনক এই খুনের ঘটনার তদন্তে নেমে তাঁর মেয়েদের  সঙ্গে কথা বলে অফিসাররা জেনেছেন, পারিবারিক সূত্রে মা কিছু টাকা-পয়সা পেয়েছিলেন। সেটা ব্যাঙ্কে রাখা ছিল। সেই টাকার সুদেই বা঩ড়িভাড়া ও তাঁর ওষুধের খরচ মেটানো হতো। ব্যাঙ্কের সবকিছু দেখভাল করত ভাই। অভিষেকের রোজগার খুব ভালো ছিল না, 
তাই মাঝেমধ্যেই মায়ের অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলত।  তাই দিয়েই মায়ের ও সংসার খরচ চালানো হতো বলে মনে করা হচ্ছে। মালবিকাদেবীর পরিবার সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উঠতে শুরু করে। 
এই টাকা জমা পড়ে ছেলের অ্যাকাউন্টে। সবমিলিয়ে ৯ লক্ষ টাকা অভিষেক তুলে নিয়েছিল মায়ের অ্যাকাউন্ট থেকে। এই টাকার বিষয়ে জানতেই ব্যাঙ্কের কাছ থেকে স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তা এলেই স্পষ্ট হবে, টাকা কোন কোন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই টাকা কবে কবে তোলা হল, তার তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, মায়ের অ্যাকাউন্টে সমস্ত টাকা শেষ হওয়ার পরই ছেলে মালবিকাদেবীকে শ্বাসরোধ করে খুনের পর পুড়িয়ে মেরে থাকতে পারে। তদন্তে আরও উঠে এসেছে, মঙ্গলবার রাতে কেরোসিন তেল কিনে এনেছিল ছেলে। অর্থাৎ পরিকল্পনা করেই মাকে খুন করার তত্ত্বটি তদন্তে স্পষ্ট হয়েছে। মায়ের মৃত্যুর পর দু’দিন পার হয়ে গেলেও ছেলে কোনওভাবে যোগাযোগ না করায় সন্দেহ আরও দৃঢ হচ্ছে তদন্তকারীদের। অভিষেকের মোবাইলও বন্ধ। ঘটনার পর সে কার কার সঙ্গে যোগাযোগ করেছিল, মোবাইলের কল ডিটেইলস ঘেঁটে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 
ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য হাতে এসেছে, তার সূত্র ধরে তদন্তকারীরা জেনেছেন, মায়ের অ্যাকাউন্টে ছেলের মোবাইল নম্বর দেওয়া ছিল। এটিএম ব্যবহার করেই টাকা তুলতেন অভিষেক। ঘটনার পর কোনও এটিএম থেকে অভিষেক টাকা তুলেছে কি না, সেটা মোবাইল নম্বরের সূত্র ধরে জানার চেষ্টা চলছে। এভাবে তার অবস্থান জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ