জুরিখ, ২০ ডিসেম্বর: ২০২৪ সালে ফিফার র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থানেই রইল আর্জেন্তিনা। এই নিয়ে পরপর দু’বার ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থান নিজেদের দখলে রাখল মেসির দেশ। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা। তারপর থেকেই ফিফার র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে আসে মেসিরা। এরপর চলতি বছরে কোপা আমেরিকাও জিতে নিয়ে নিজেদের পয়েন্ট অনেকটাই বাড়িয়ে নেয় আর্জেন্তিনা। ফলে ফের একবার ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়ে গেল লায়োনেল স্কালোনির ছেলেরা। আর্জেন্তিনার এই মুহূর্তে মোট পয়েন্ট ১৮৬৭.২৫। তারপরেই রয়েছে ফ্রান্স। তাদের পয়েন্ট ১৮৫৯.৭৮। তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের পয়েন্ট ১৮৫৩.২৭। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ও ব্রাজিল পঞ্চমে। তাদের পয়েন্ট যথাক্রমে ১৮১৩.৮১ ও ১৭৭৫.৮৫। গতকাল, বৃহস্পতিবারই এই তালিকা প্রকাশ করে ফিফা। তাতে ভারতের স্থান রয়েছে ১২৬-এ। পয়েন্ট ১১৩৩.৬২। ২০২৪ সালে ফিফার নজরে সেরা উন্নত দল হিসেবে উঠে এসেছে অ্যাঙ্গোলা। ২০২৫ সালের এপ্রিল মাসে ফের এই র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।



