নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় প্রতিদিন দামবৃদ্ধির নয়া রেকর্ড গড়ার পর শুক্রবার পিছন দিকে হাঁটল সোনার দর। সেই সঙ্গে অনেকটা কমল রুপোর দামও। এদিন শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৯০ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম কমেছে ১ হাজার ৩৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৮৬ হাজার ৫০ টাকা। এক্ষেত্রে একদিনের তফাতে দাম কমেছে ১ হাজার ২৫০ টাকা। সোনার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে দাম কমেছে রুপোর। শুক্রবার এক কেজি খুচরো রুপোর দাম ছিল ৯২ হাজার ৭০০ টাকা। অথচ তার আগের দিন সেই দাম পৌঁছে গিয়েছিল ৯৮ হাজার টাকার উপরে। গত ৩১ মার্চ কেজি পিছু রুপোর দাম উঠেছিল ১ লক্ষ ১ হাজার ৩০০ টাকা। চারদিনের মাথায় সেই দাম ৮ হাজার ৬০০ টাকা কমেছে। সোনা ও রুপোর দামের এই পতন কি স্থায়ী হবে? ক্রেতা-বিক্রেতারা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন।



