নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের প্রোটোকল ইস্যুতে দিল্লিতে ডেপুটেশনে ডাক পাওয়া শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে এবার বদলি করল নবান্ন। তাঁকে উত্তরবঙ্গের আইবি’র আইজি পদে নিয়ে যাওয়া হল। এর আগে একই কারণে ডেপুটেশনে ডাক পাওয়া দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে বদলি করে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সচিব পদে নিয়ে এসেছে রাজ্য। অভিজ্ঞ আমলাদের মতে, এর থেকেই পরিষ্কার, এই দুই আধিকারিককে দিল্লির জন্য ‘রিলিজ’ দিতে নারাজ রাজ্য। যা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েও দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর।



