Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ে রিঙ্কুদের সঙ্গে দেখা করতে পারেন শাহরুখ, হর্ষিতের জায়গায় নবদীপ সাইনিকে দলে নিল নাইট রাইডার্স

প্রত্যাশার পারদ চড়িয়ে বুধবার বিকেলে মুম্বই রওনা হল কলকাতা নাইট রাইডার্স। ছাব্বিশের আইপিএলে তিনবারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করবে রবিবার।

মুম্বইয়ে রিঙ্কুদের সঙ্গে দেখা করতে পারেন শাহরুখ, হর্ষিতের জায়গায় নবদীপ সাইনিকে দলে নিল নাইট রাইডার্স
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রত্যাশার পারদ চড়িয়ে বুধবার বিকেলে মুম্বই রওনা হল কলকাতা নাইট রাইডার্স। ছাব্বিশের আইপিএলে তিনবারের চ্যাম্পিয়নরা অভিযান শুরু করবে রবিবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আরব সাগরের তীরে বেগুনি জার্সিধারীদের রেকর্ড মোটেও ভালো নয়। ১৮টি ম্যাচ খেলে নাইটরা হেরেছে ১৩টিতে। জয় সর্বসাকুল্যে ৫টি। শেষবার রোহিতদের ঘরের মাঠে নাইটরা জিতেছিল ২০২৪ সালে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ওই মরশুমে খেতাবও জিতেছিল কেকেআর। সমর্থকদের দাবি, দলের জন্য শাহরুখ খান খুবই ‘লাকি’। চব্বিশের আইপিএলে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে টুয়েলভথ ম্যান হিসেবে নিয়মিত ক্রিকেটারদের উজ্জীবিত করেছিলেন কিং খান। তার সুফলও মিলেছিল। তৃতীয় ট্রফি জিতেছিলেন রাসেলরা। 

Advertisement

গত মরশুমটা অবশ্য ভালো যায়নি নাইট রাইডার্সের। দলে বিরাট পরিবর্তন ঘটেছে। অতীত ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন রাহানেরাও। কোচ অভিষেক নায়ার ছেলেদের সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কী হয়েছে, তা মনে রাখার দরকার নেই। সবকিছু নতুন করে শুরু করতে হবে। 
কেকেআরের সামনে মুম্বই যে বড় গাঁট সেটা বলার অপেক্ষা রাখে না। তাই নাইটদের মনোবল বাড়াতে কবীর খানের ভূমিকায় দেখা যেতে পারে শাহরুখকে। সূত্রের খবর, টিম হোটেলে রিঙ্কু, রাহানেদের সঙ্গে দেখা করতে পারেন শাহরুখ। আপাতত তিনি ‘কিং’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। ফলে কলকাতায় দলের প্রস্তুতি শিবিরে থাকতে পারেননি তিনি। তবে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন, ইডেনে বেশ কিছু ম্যাচে সপরিবারে দেখা যেতে পারে বলিউডের বাদশাকে। 
বুধবার মুম্বইয়ে বোর্ডের সদরদপ্তরে ছিল আইপিএলের দশ দলের ক্যাপ্টেনদের নিয়ে মিটিং। রাহানে তাই আগেই মুম্বই চলে গিয়েছিলেন। ক্রিকেটে বিশেষজ্ঞদের একাংশের মতে, ক্যাপ্টেন হিসাবে রাহানের কাছে এবারের আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জায়গা পাকা করতে ব্যাট হাতে বড় রান করার পাশাপাশি দুর্দান্ত নেতৃত্ব দিতে হবে তাঁকে। না হলে টুর্নামেন্টের মাঝপথেও তাঁর অধিনাকত্ব হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
এদিকে, হর্ষিত রানার পরিবর্ত হিসেবে নবদীপ সাইনিকে নিল কেকেআর। অতীতে তিনি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন। তবে অবিক্রিত থাকেন গত নিলামে। হর্ষিত চোট পেয়ে অনিশ্চিত হওয়ার পর বেশ কয়েকজন পেসারের ট্রায়াল নেয় কেকেআর। তার মধ্যে থেকে নবদীপকে বেছে নেওয়া হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ