Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

চারমাসে ২২টি মামলার সাজা ঘোষণা

চলতি বছরের চারমাসের মধ্যে ২২টি মামলায় সাজা ঘোষণা হল জলপাইগুড়ি জেলা আদালতে। এরমধ্যে ফাঁসির সাজা হয়েছে তিনটি মামলায়।

চারমাসে ২২টি মামলার সাজা ঘোষণা
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চলতি বছরের চারমাসের মধ্যে ২২টি মামলায় সাজা ঘোষণা হল জলপাইগুড়ি জেলা আদালতে। এরমধ্যে ফাঁসির সাজা হয়েছে তিনটি মামলায়। এছাড়াও সাজা হয়েছে ১৫টি পকসো মামলায়।  নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গত তিনদিনে তিনটি সাজা ঘোষণা করেছেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক।

Advertisement

জেলা পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, প্রতিটি মামলায় পুলিস কম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করছে। যা আদালতে বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হতে সাহায্য করছে। এদিকে, জেলা আদালতে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হয়ে সাজা ঘোষণা হওয়ায় খুশি বিচারপ্রার্থীরা।
স্ত্রী ও ১৮ মাসের শিশুকন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের দায়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথমে অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত। ২০২৩ সালের ২৭ মার্চ ঘটনাটি ঘটেছিল নাগরাকাটার লুকসান চা বাগানে। এরপর মার্চের শেষে আরও একটি মামলায় ফাঁসির সাজার নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত। ধারালো অস্ত্র দিয়ে পিসতুতো দাদাকে কুপিয়ে খুনের ঘটনায় ওই সাজার নির্দেশ দেন বিচারক। ২০২১ সালের ৪ মার্চ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ভক্তিনগর থানার মধ্য শান্তিনগর ডাবগ্রাম নতুনব্রিজ এলাকায়। অভিযুক্ত সাতসকালে রাস্তার মাঝে তার পিসতুতো দাদাকে কুপিয়ে খুন করে।
আরও একটি মামলায় চলতি সপ্তাহে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত। আট বছরের ছেলের সামনে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় ফাঁসির সাজা হয় অভিযুক্ত যুবকের। ২০২৩ সালের ২০ জুন ময়নাগুড়ির চারেরবাড়ি ডাঙাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সন্দেহের জেরে স্ত্রীকে খুন করে ওই যুবক।

Advertisement
সম্পর্কিত সংবাদ