নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমে সারদা চিটফান্ডের এক মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। মঙ্গলবার অসমের এক বিশেষ আদালত আর্থিক তছরুপের ওই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। এদিন তাঁর দুই আইনজীবী শুভজিৎ বল ও আকাশ বল সাংবাদিকদের এই খবর জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যেহেতু সারদা কর্ত্রীর বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, তাই সেই সমস্ত মামলায় এখনো জামিন না মেলায় তাঁকে জেলেই কাটাতে হবে। ওই দুই আইনজীবী জানান, বর্তমানে দেবযানীদেবী দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। সম্প্রতি কয়েক কোটি টাকার চিটফান্ডের এই মামলায় জেল থেকেই ভার্চুয়ালেই চলে ওই জামিনের দীর্ঘ শুনানি। সেই শুনানি পর্ব শেষ হওয়ার পরই এদিন আদালত দেবযানীর জামিনের আবেদন মঞ্জুর করেছে।



