Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নজির গড়ে এবার তালিবান মন্ত্রীর সঙ্গে কথা জয়শঙ্করের, জানালেন ধন্যবাদ

নজির গড়ে এবার তালিবান মন্ত্রীর সঙ্গে কথা জয়শঙ্করের, জানালেন ধন্যবাদ
  • ১৬ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া কূটনৈতিক চাল ভারতের। নীতিতে বদল এনে এবার কাবুলের প্রতি বন্ধুত্বের হাত আরও প্রসারিত করল নয়াদিল্লি। বৃহস্পতিবার আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনঃদখল করার পরে দু’দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে এই প্রথম কথা হল। যা সার্ক অঞ্চলের ভূরাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, আরও বেশি সংখ্যক নাগরিককে ভিসা প্রদান, ভারতীয় জেলে বন্দি আফগানদের মুক্তি, ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন কাজ সহ একাধিক ইস্যুতে কাবুলকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে।

Advertisement

আফগানিস্তানের তালিবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে দ্বিপাক্ষিক কূটনৈতিক সমীকরণে বড় বদলের ইঙ্গিত। ওই কাপুরুষোচিত হামলার নিন্দা করেছিল কাবুল। সেইসঙ্গে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল তারা। যার রেশ ধরে এবার আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে সরকারিভাবে কথা হল ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের। পহেলগাঁও হামলার নিন্দা করার জন্য জানালেন ধন্যবাদ। এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘সন্ধ্যায় আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা হল। পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করার জন্য তাঁকে ধন্যবাদ।’ জয়শঙ্কর আরও লেখেন, ‘আফগানদের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক পুরনো। উন্নয়নের কাজে তাদের সমস্ত  সহযোগিতায় আমরা প্রস্তুত।’

সম্পর্কিত সংবাদ