মস্কো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে শান্তি সমঝোতা নিয়ে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের শর্তে আপাতত রাজি নয় রাশিয়া। মঙ্গলবার একথা জানিয়ে দেওয়া হল পুতিন প্রশাসনের তরফে। রাশিয়ার বক্তব্য, ট্রাম্পের দেওয়া প্রস্তাব ও শর্তগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে এইমুহূর্তে এগুলি কোনওভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে একগুচ্ছ নতুন শর্ত রেখেছে মস্কো।
এদিন রাশিয়ার উপ বিদেশ মন্ত্রী সের্গেই রয়াবকোভ জানান, এখনই আমেরিকার প্রস্তাবটি মেনে নেওয়া যাচ্ছে না। আমাদের মূল দাবি ছিল, এই যুদ্ধের মূল সমস্যাগুলির সমাধান। কিন্তু আমেরিকার প্রস্তাবে আমাদের সেই দাবিগুলিকে কোনও জায়গাই দেওয়া হয়নি। তাই এই শর্তে বদল আনা জরুরি।
রবিবার একটি সাক্ষাৎকারে রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে একাধিক মন্তব্য করেন ট্রাম্প। এমনকী দুই দেশের প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কির ভূমিকারও কড়া সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, যদি এই যুদ্ধবিরতি চুক্তি সহজে কার্যকর না হয়, তাহলে মস্কোর উপর অতিরিক্ত চাপ দিতে বাধ্য হবেন। যুদ্ধে দাঁড়ি টানার ক্ষেত্রে ঘুরিয়ে রাশিয়ার অনীহাকেই দায়ী করেছেন তিনি।