মুম্বই: পশ্চিম এশিয়ায় যুদ্ধ শেষের দিশা নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। আর এই অচলাবস্থার জেরে ভারতীয় বাজারে রক্তক্ষরণ অব্যাহত। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। ফের ধস নামল শেয়ার সূচক সেনসেক্স ও নিফটিতে। পতন জারি টাকার দরেও। বিশ্ব বাজারে শেয়ার বিক্রির ধুম পড়েছে। ভারতীয় বাজার থেকে বিদেশি লগ্নি প্রত্যাহারের ধারা অব্যাহত। তার উপর টাকা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফেরাচ্ছেন। ফলে এই নিয়ে টানা তৃতীয়দিন নিম্নমুখী ভারতীয় সূচক। এদিন বিএসই সেনসেক্সের পতন হয়েছে ১ হাজার ৪৭০.৫০ পয়েন্ট। ১.৯৩ শতাংশ নিম্নমুখী হয়ে দিনের শেষে তা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৬৩.৯২ পয়েন্টে। একই হাল এনএসই নিফটিরও। ৪৮৮.০৫ (২.০৬ শতাংশ) পয়েন্ট পড়ে শেষ পর্যন্ত নিফটি থিতু হয় ২৩ হাজার ১৫১.১০ পয়েন্টে। গত এক সপ্তাহে লগ্নিকারীরা ১৯ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন।



