Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উন্নয়নের কাজে গতি আনতে প্রতি সপ্তাহেই এবার পর্যালোচনা বৈঠক

উন্নয়নের কাজে গতি আনতে প্রতি সপ্তাহেই এবার পর্যালোচনা বৈঠক
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উন্নয়নের কাজে গতি আনতে এবার সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকের নিদান দিল হুগলি জেলা প্রশাসন। সেইসঙ্গে জেলাশাসকের নির্দেশ, সেই বৈঠক হবে চার ধাপে। প্রতি মঙ্গলবার এই বৈঠক হবে গ্রাম পঞ্চায়েত স্তরে। আর শুক্রবার হবে জেলাস্তরে। বুধ ও বৃহস্পতিবার বৈঠক করবে ব্লক ও মহকুমা প্রশাসন। সোমবার জেলাস্তরের পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে পঞ্চায়েত ও ব্লক স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসকদের একাংশ তোপের মুখে পড়েন। জেলাশাসক মুক্তা আর্য থেকে জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় তাঁদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, উন্নয়নের কাজে গতি আনতে হবে। তারপরেই সাপ্তাহিক বৈঠকের সিদ্ধান্তে সিলমোহর পড়ে।

Advertisement

জেলাশাসক মুক্তা আর্য বলেন, উন্নয়নের কাজ নিয়ে পর্যালোচনা করা হয়েছে। কিছু কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, বাংলার বাড়ি প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ, সোকপিট নির্মাণ সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। সমস্ত কাজেই গতি আনার কথা বলা হয়েছে। কিছু পঞ্চায়েত যেমন ভালো করেছে, তেমনই কিছু পঞ্চায়েত ঢিলেমি দিয়েছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে সতর্ক করা হয়েছে। জেলাশাসক সিদ্ধান্ত নিয়েছেন, প্রতি সপ্তাহে পঞ্চায়েত থেকে জেলাস্তর পর্যন্ত পর্যালোচনা বৈঠক করা হবে। আসলে কাজে গতি আনতেই নজরদারি আরোপ করা হচ্ছে। মুখ্য উদ্দেশ্য হল, উন্নয়নকে গতিশীল এবং কার্যকর করে তোলা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে জেলার সবক’টি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, মহকুমা শাসক, নির্মাণ সহায়কদের ডাকা হয়েছিল। আলোচনা পর্বে খানাকুল-২ ও চুঁচুড়া-মগরা ব্লকের কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অন্যদিকে, সিঙ্গুর, চণ্ডীতলা ১ ও ২, ধনেখালি সহ একাধিক ব্লকের কাজ প্রশংসিত হয়েছে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ