নয়াদিল্লি: দিন কয়েক আগেই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এরই মধ্যে আরও স্বস্তি দিল মুদ্রাস্ফীতি। গত ফেব্রুয়ারি মাসের তুলনায় আরও মাথা নোয়াল খুচরো মুদ্রাস্ফীতির হার। মার্চে এই হার কমে হয়েছে ৩.৩৪ শতাংশ। যা গত ছ’বছরের মধ্যে সর্বনিম্ন। মূলত সব্জি, ডিম ও প্রোটিন বহুল খাদ্যসামগ্রীর দর কমার জেরে এই মুদ্রাস্ফীতির হার নিম্নমুখী হয়েছে। এই হার রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ শতাংশের নীচে। ফলে তৃতীয় দফায় রোপো রেট হ্রাসের সম্ভাবনা দেখা দিয়েছে। সবমিলিয়ে বাড়ি, গাড়ি ঋণে কিস্তির বোঝাতে সুরাহা মিলতে পারে। ক্রেতা মূল্য সূচক ভিত্তিক এই মুদ্রাস্ফীতি (সিপিআই) গত ফেব্রুয়ারিতে ছিল ৩.৬১ শতাংশ। গত বছরের মার্চে এই হার ছিল ৪.৮৫ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)-এর তথ্য অনুযায়ী, দেশের অর্থনীতিকে স্বস্তি দিয়েছে পাইকারি মুদ্রাস্ফীতির হারও। মার্চে তা কিছুটা মাথা নামিয়ে হয়েছে ২.০৫ শতাংশ। ফেব্রুয়ারিতে তা ছিল ২.৩৮ শতাংশ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও কমেছে। ব্রেন্ট ক্রডের দাম ০.৫২ শতাংশ কমে হয়েছে ৬৪.৫৪ ডলার। এরইমধ্যে মাথা তুলেছে টাকার দাম। এই পর পর দুটি সেশনে টাকার দাম বাড়ল। মঙ্গলবার ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৩৩ পয়সা বেড়ে হয়েছে ৮৫.৭৭ টাকা (অন্তর্বর্তী)। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার জেরে ডলারের দাম পড়ছে। এরই সুফল পেয়েছে টাকা।
তবে অস্বস্তিও রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চে ভারতের রপ্তানি মাত্র ০.৭ শতাংশ বেড়ে হয়েছে ৪১.৯৭ বিলিয়ন ডলার। এক্ষেত্রে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে হয়েছে ২১.৫৪ বিলিয়ন ডলার। আগের বছরের এই পর্বের তুলনায় আমদানি ১১.৩ শতাংশ বেড়ে হয়েছে ৬৩.৫১ বিলিয়ন ডলার।