চিত্রনাট্যই আসল হিরো। একথা মনেপ্রাণে বিশ্বাস করেন আমির খান। কখনও তিনি অভিনেতা, কখনও প্রযোজক। যে কোনও ভূমিকাতেই চিত্রনাট্যের উপর জোর দেন তিনি। ঠিক যেমন ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সিক্যুয়েল। ১৯৯৪-এ মুক্তি পাওয়া সে ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন সলমন খানও। এই ছবির সিক্যুয়েল নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা নতুন নয়। সত্যিই কি তৈরি হবে এই ছবির দ্বিতীয় ভাগ? সদ্য এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আমির বলেন, ‘রাজকুমার সন্তোষী চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সলমন এবং আমার দু’জনেরই পছন্দ হতে হবে। চিত্রনাট্য ভালো লাগলে আমরা অবশ্যই কাজ করব।’ জানা গিয়েছে, গত কয়েকবছর ধরেই রাজকুমার চিত্রনাট্যের বেশ কিছু খসড়া তৈরি করেছেন। কিন্তু দুই অভিনেতার এখনও তা পছন্দ হয়নি। তবে এই ছবির সিক্যুয়েল তৈরি হলে তা দর্শকের জন্য দারুণ উপহার হবে বলেই মনে করেন ইন্ডাস্ট্রির বড় অংশ।



